ফের কলকাতার রাস্তা থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয়ের রক্তাক্ত দেহ। আজ, সোমবার সাতসকালে এই দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহের পাশে পড়েছিল একটি স্কুটার। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃতদেহটি উদ্ধার হয়েছে রুবির কাছে মন্দিরপাড়া এলাকা থেকে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটার। কী কারণে যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। দুর্ঘটনার সম্ভাবনাও যদিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
জানা গিয়েছে, মৃতদেহের পাশ থেকে যে স্কুটারটি উদ্ধার হয়েছে, সেটির একাংশ ক্ষতিগ্রস্ত। আবার যুবকের দেহেও একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। সেই কারণে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সবরকমের সম্ভাবনাই খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।
স্থানীয়দের দাবী, ওই যুবক এলাকার বাসিন্দা নন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে মৃত্যু তা জানার চেষ্টা চলছে। রুবি মোড় বেশ ব্যস্ত এক এলাকা। সেখানে এভাবে অগোচরে যুবকের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল-মশারির নীচ থেকে উদ্ধার ৫ বছরের শিশুর রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
তবে স্থানীয়দের অভিযোগ, বাইপাস লাগোয়া এলাকা এখন অপরাধীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। অন্য জায়গায় অপরাধ করে এই এলাকায় এসে আশ্রয় নেয় অপরাধীরা। আর এর ফলে স্থানীয়রা আতঙ্কে থাকেন। নিজেদের নিরাপত্তা নিয়ে সন্দিহান তারা। দুষ্কৃতী দমন করতে যাতে পুলিশ আরও বেশি তৎপর হয়, তেমনটাই দাবী করেছেন এলাকার মানুষজন।





