এবার শীতের ছুটির বার্তা! তাপমাত্রার ওঠানামায় বিভ্রান্ত হাওয়া অফিস

বিদায়ী বছরের শেষ দিনে শীতের আমেজ ফিরলেও, নতুন বছরে দক্ষিণবঙ্গে ঠান্ডা সাময়িক বিরতিতে যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে শুরু করবে। তবে এই উষ্ণতা দীর্ঘস্থায়ী হবে না। বুধবার থেকে ফের নামবে পারদ, পরবর্তী দু’দিনে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিম থেকে আসা শীতল বাতাস আটকে পড়েছে। এর ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু অঞ্চলে। তবে, মঙ্গলবার পাহাড়ি অঞ্চলে বরফ পড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষত, দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গেও আংশিক মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে শীতের প্রকোপ হালকা হয়ে যাবে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার থেকেই কুয়াশার দাপট দেখা গেছে। রবিবারও দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে কুয়াশার পাশাপাশি আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

আরও পড়ুনঃ দেবী কালীর বিশেষ কৃপা, চার রাশির ভক্তদের জীবন বদলে দেবেন মা!

কলকাতার আবহাওয়া শনিবার থেকে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে, বুধবার থেকে পারদ নামতে শুরু করবে। যদিও নতুন সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মিশ্র প্রকৃতির।

RELATED Articles