‘ইন্ডাস্ট্রি মানেই উত্তম কুমার, ছিলেন, আছেন এবং আজীবন থাকবেন! যাকে তাকে ইন্ডাস্ট্রি বলা যায় না’ প্রাক্তন প্রসেনজিৎকে নাম না করেই কটাক্ষ দেবশ্রী রায়ের? অভিনেত্রীর মন্তব্য ঘিরে টলিপাড়ায় আলোচনা!

বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হয়। কয়েক দশক ধরে একের পর এক ছবিতে অভিনয় করে টলিউডে নিজের শক্ত জায়গা তৈরি করেছেন তিনি। সম্প্রতি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন অভিনেতা। তাই অনেকেই তাঁকে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ বলে উল্লেখ করেন। তবে এবার অভিনেত্রী দেবশ্রী রায়ের একটি মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় খুব কাছের মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই তাঁদের পরিচয় এবং পরবর্তীতে ১৯৯২ সালে বিয়ে করেন তাঁরা। যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে দেবশ্রীর করা একটি মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁদের পুরনো সম্পর্কের প্রসঙ্গও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে দেবশ্রী মহানায়কের অভিনয়ের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, উত্তম কুমারের অভিনয়, অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতি আজও দর্শকদের শেখায়। এত বছর পরেও তাঁর অভিনয় দেখে মনে হয়, যেন তিনি বর্তমান সময়েই অভিনয় করেছেন। দেবশ্রীর কথায়, উত্তম কুমার ছাড়া টলিউডকে ‘ইন্ডাস্ট্রি’ বলা যায় না। তাঁর মতে, ইন্ডাস্ট্রি বলতে উত্তম কুমারের নামই সবার আগে আসে।

দেবশ্রী সরাসরি কারও নাম নেননি। তবে তাঁর এই মন্তব্যের পরেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই ইঙ্গিত করেছেন? কারণ টলিউডে প্রসেনজিৎকে দীর্ঘদিন ধরেই ‘ইন্ডাস্ট্রি’ নামে ডাকা হয়। অভিনেত্রীর বক্তব্য নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মতভেদ দেখা দিয়েছে। একদল নেটিজেন দেবশ্রীর মন্তব্যকে সমর্থন করেছেন এবং জানিয়েছেন, মহানায়ক উত্তম কুমারের জায়গা অন্য কারও পক্ষে নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুনঃ যে জুটিকে এখনও ভুলতে পারেননি দর্শক, তারাই কি এবার বিগ বসের ঘরে? ‘মন ফাগুন’ জুটি শন-সৃজলা আরও একবার টেলিভিশনের পর্দায়? জোর চর্চা টলিপাড়ায়!

অন্যদিকে, অনেকের আবার মত, উত্তম কুমার বাংলা সিনেমার সর্বকালের অন্যতম সেরা নায়ক হলেও বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ফলে দেবশ্রীর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে তিনি আদৌ প্রসেনজিৎকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন কি না, তা স্পষ্ট নয়। মহানায়কের জন্মশতবর্ষে দেবশ্রীর এই মন্তব্য তাই ফের উত্তম কুমার ও প্রসেনজিৎকে ঘিরে তুলেছে আলোচনা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর