আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। এই মরশুমের সঞ্চালকের দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগেই সম্ভাব্য প্রতিযোগীদের নাম নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। কারা শেষ পর্যন্ত বিগ বসের ঘরে প্রবেশ করবেন, সেই উত্তর অবশ্য এখনই মিলছে না। নিয়ম অনুযায়ী ৩০ অগস্টের গ্র্যান্ড প্রিমিয়ার পর্যন্ত চূড়ান্ত তালিকা গোপন রাখা হবে বলে জানা যাচ্ছে।
সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় নতুন করে উঠে এসেছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের অভিনেত্রী নন্দিনী দত্তের নাম। সম্প্রতি তিনি ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন। ফলে তাঁর বিগ বসে যাওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। পাশাপাশি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে। বর্ষীয়ান অভিনেতা ভরত কলের কাছেও নাকি অনুষ্ঠানের জন্য প্রস্তাব গিয়েছে। তবে তাঁর ক্ষেত্রে এখনও নিশ্চিত কোনও খবর প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে মনামি ঘোষ এবং সৃজলা গুহের নাম নিয়েও জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, সৃজলা নাকি বিগ বসের দীর্ঘ সময়ের কথা মাথায় রেখে পোশাক ও স্টাইলিংয়ের প্রস্তুতিও শুরু করেছেন। শন ও সৃজলার নাম একসঙ্গে আসতেই ‘মন ফাগুণ’ ধারাবাহিকের জনপ্রিয় জুটির কথা মনে পড়ছে অনুরাগীদের। তাঁদের বাস্তব সম্পর্ক নিয়েও একসময় নানা গুঞ্জন ছিল। ফলে দুজন একই ঘরে ঢুকলে সেই পুরনো রসায়ন আবার দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তালিকায় গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা জীতু কমলের নামও রয়েছে বলে শোনা যাচ্ছে।
এদিকে বিগ বসের নির্মাতারা টলিউডের একাধিক পরিচিত মুখের সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর। এমনকি এক জনপ্রিয় গায়িকাকে বিপুল পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জল্পনা রয়েছে। তবে দুর্গাপুজোর সময় কলকাতার বাইরে থাকতে হবে বলে সেই প্রস্তাব তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন। একই কারণে কয়েকজন প্রতিষ্ঠিত তারকা পিছিয়ে গেলেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ রয়েছে। তাঁদের মধ্যে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়কের নামও আলোচনায় রয়েছে।
আরও পড়ুনঃ বেপরোয়া লরির ধাক্কায় দুর্ঘটনার মুখে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কী অবস্থায় রয়েছেন অভিনেতা?
তবে এখনই কোনও নাম নিশ্চিত করে বলা হচ্ছে না। ৩০ অগস্টের গ্র্যান্ড প্রিমিয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন একে একে প্রতিযোগীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন, তখনই সমস্ত জল্পনার অবসান হবে। এরপর প্রায় তিন মাস বিগ বসের ঘরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে প্রতিযোগীদের। মোবাইল, বই এবং বাইরের যোগাযোগ ছাড়া উৎসবের মরসুমে কোন তারকারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, এখন সেটাই দেখার।






