‘বিগ বস’-এর নতুন সিজন শুরু হতে না হতেই প্রতিযোগীদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে শুরু করেছে। এর মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। শোয়ের সাম্প্রতিক একটি পর্বে তাঁর কথাবার্তা এবং অন্য প্রতিযোগীদের সঙ্গে মেলামেশার ধরন নজর কেড়েছে দর্শকদের। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা মন্তব্য। যদিও অনেকেই আবার মনে করছেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা রিয়্যালিটি শোয়ের খেলায় গুরুত্বপূর্ণ।
গত ৩১ অগস্ট বিগ বসের ঘরে প্রথম ক্যাপ্টেন নির্বাচনের পর্ব দেখানো হয়। প্রতিযোগীদের ভোটে ক্যাপ্টেন হন অভিনেতা ভরত কল। এরপর নিজের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা নিয়ে ভরত কল, সোনামণি সাহা এবং নন্দিনী দত্তের মধ্যে আলোচনা হয়। নন্দিনী কথা বলার সময় ভরত সোফা থেকে উঠে গেলে বিষয়টি নজরে আসে। পরে মনামী ভরতকে অনুরোধ করেন, কেউ কথা বলার সময় যেন তিনি উঠে না যান। উত্তরে ভরত জানান, তিনি শুধু মুখ ধুতে উঠেছিলেন এবং নন্দিনীর কথা মন দিয়েই শুনছিলেন।
এই ঘটনার পর ভরত ও নন্দিনীর আলোচনায় মনামীর বক্তব্যও উঠে আসে। পরে ভরত নিজেই মনামীকে তাঁদের সঙ্গে কথা বলতে ডাকেন। ভরত সরে গেলে তাঁর ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা নিয়ে মনামীর সঙ্গে আলোচনা করেন নন্দিনী। মনামী জানান, ভরত ক্যাপ্টেন হওয়ার যোগ্য হলেও তাঁর মধ্যে সবকিছুতে নিজের অধিকার ফলানোর প্রবণতা রয়েছে। এই কথোপকথনের ক্লিপ ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ নন্দিনীকে কটাক্ষ করতে শুরু করেন। তাঁদের দাবি, তিনি দুজনের সঙ্গেই আলাদা করে আলোচনা করছেন বলেই তাঁকে ‘দুমুখো সাপ’ বলা যায়।
তবে নন্দিনীকে নিয়ে বিতর্কের মাঝেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিগ বসের ঘরে। সদ্য প্রকাশ্যে আসা প্রিক্যাপ প্রোমোতে দেখা যাচ্ছে, ক্যাপ্টেন ভরত কলের বিরুদ্ধে সরব হয়েছেন তনুশ্রী। ভরতের নেতৃত্ব মেনে না নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে তাঁকে খারাপ মানুষ বলতেও শোনা যায় তনুশ্রীকে। তাঁর বক্তব্য, যে ক্যাপ্টেনের মুখের ভাষা ঠিক নয়, তাঁকে তিনি ক্যাপ্টেন হিসেবে মানবেন না। এরপর ভরতও পাল্টা প্রতিবাদ করেন।
আরও পড়ুনঃ ‘বাঙালির দুর্গাপুজোয় অবাঙালি পেঁয়াজি বরদাস্ত হবে না!’, হিন্দু পরিষদের গাইডলাইন নিয়ে সরব পরমা বন্দ্যোপাধ্যায়! আপনারাও কি একমত?
তনুশ্রী ও ভরতের এই তর্কে বিগ বসের ঘরের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঠিক কী কারণে দুজনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হল, তা এখনও পুরোপুরি জানা যায়নি। ১ সেপ্টেম্বরের পর্বেই সেই ঘটনার বিস্তারিত দেখা যাবে। আপাতত প্রিক্যাপের ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। অন্যদিকে নন্দিনীকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও অব্যাহত। আগামী পর্বগুলিতে এই সম্পর্ক ও মতবিরোধ কোন দিকে যায়, এখন সেটাই দেখার।






