‘বিগ বস বাংলা’-র তৃতীয় সিজন শুরু হওয়ার পর থেকেই একাধিক তারকার নাম নিয়ে জল্পনা চলছিল। সেই তালিকায় বেশ কিছু দিন ধরেই ছিলেন অভিনেতা জিতু কমল। এবার সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করতে পারেন অভিনেতা।
জিতুর বিগ বসে যাওয়া নিয়ে আগেও আলোচনা হয়েছিল। তবে অভিনেতা নিজে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এমনকি সম্প্রতি মুম্বই যাওয়ার পরও তাঁর সফরের কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ফলে তাঁর এই আচরণ ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
এর মধ্যেই সামনে এসেছে, বিগ বসের প্রস্তাব জিতুর কাছে আগেই গিয়েছিল। অভিনেতা নাকি সেই সময় নিজের অন্য কাজের শুটিংয়ের সময়সূচিও কিছুটা এগিয়ে নিয়েছিলেন। অর্থাৎ, বিগ বসের ঘরে যাওয়ার সম্ভাবনাটি একেবারে উড়িয়ে দেননি তিনি। যদিও শেষ পর্যন্ত তিনি সত্যিই প্রবেশ করবেন কি না, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল।
আরও পড়ুন: “পৃথিবীর যে প্রান্তেই পৌঁছে যাও না কেন, আমার দুই বাহু থাকবে তোমার আশ্রয় হয়ে!” “কারও মতো হওয়ার প্রয়োজনও নেই, জিততে বা নিখুঁত হতে হবে না, তুমি তোমার মতো!” ছয় বছরে পা দিল ইউভান, প্রথম সন্তানের জন্মদিনে খোলা চিঠিতে আর কী লিখলেন মা শুভশ্রী?
এদিকে বিগ বসের ঘরে ইতিমধ্যেই ওয়াইল্ড কার্ড হিসেবে ঢুকে পড়েছেন রাজবীর দে। তাঁর প্রবেশের পর থেকেই মনামী ঘোষ, সৃজলা গুহ-সহ একাধিক প্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। ফলে রাজবীরের পর জিতুর মতো পরিচিত অভিনেতা ঘরে ঢুকলে খেলার সমীকরণ আরও বদলে যেতে পারে বলেই মনে করছেন দর্শকেরা।
জিতুর অভিনয়জীবনেও বৈচিত্র্যের অভাব নেই। ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার সত্যিই যদি বিগ বসের ঘরে তাঁর প্রবেশ হয়, তাহলে শান্ত স্বভাবের এই অভিনেতা রিয়্যালিটি শোয়ের প্রতিযোগিতামূলক পরিবেশে কীভাবে নিজেকে মেলে ধরেন, সেটাই দেখার।






