মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে ফের সরগরম টলিপাড়া। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতূহল থাকলেও নিজের সম্পর্কের বিষয়ে খুব একটা মুখ খোলেননি তিনি। এবার সামনে এসেছে তাঁর কথিত হবু বর সিদ্ধার্থের ছবি। খবর অনুযায়ী, সিদ্ধার্থ ভারতীয় নৌসেনায় কর্মরত।
সূত্রের খবর, নভেম্বরেই আইনি বিয়ে এবং ডিসেম্বর মাসে কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি চলছে। যদিও মিমির আপ্ত সহায়ক বিয়ের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। ফলে আপাতত পুরো বিষয়টিই জল্পনার স্তরে রয়েছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, সিদ্ধার্থের ছবি নাকি এতদিন মিমির সোশ্যাল মিডিয়ার পরিসরেই লুকিয়ে ছিল। ২০২৫ সালের পুজোর সময় টলিপাড়ার বন্ধুদের সঙ্গে মিমির তোলা একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। তখন অবশ্য কেউই বুঝতে পারেননি, ছবির সেই ব্যক্তিই নায়িকার জীবনের বিশেষ মানুষ।

মিমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রেখেছেন। একসময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নতুন কোনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিশেষ কিছু জানাননি অভিনেত্রী। এবার সিদ্ধার্থকে ঘিরে নতুন জল্পনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে অনুরাগীদের।
আরও পড়ুনঃ ‘বিগ বস’-এর ঘরে কেন যেতে রাজি জিতু? ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে অবশেষে সামনে এলো আসল কারণ
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও নিজের পরিচিতি তৈরি করেছেন মিমি। বর্তমানে আবারও অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। তবে কাজের খবরের পাশাপাশি এখন অনুরাগীদের নজর তাঁর ব্যক্তিগত জীবনের দিকেও। সত্যিই কি নভেম্বরে আইনি বিয়ে এবং ডিসেম্বরে কালিম্পংয়ে বসবে মিমির বিয়ের আসর? আপাতত সেই উত্তরই খুঁজছেন অনুরাগীরা।






