গুগল প্লে স্টোরে দাপট দেখাচ্ছে চীন বিরোধী অ্যাপ! ইতিমধ্যেই ১ কোটি ডাউনলোড হয়েছে এই অ্যাপ!
সেনাকে তৈরী থাকতে বললেও চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে তৈরি হওয়া সংঘাত নিরসনে আপাতত দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক পদ্ধতিকেই কাজে লাগাতে চাইছে নয়াদিল্লি। কিন্তু, সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কূটনৈতিক যুক্তি তর্ক মানতে নারাজ। আর একমাত্র সেই কারণেই গুগল প্লে স্টোরে ভাইরাল হয়েছে ‘Remove China App’ মোবাইল অ্যাপ্লিকেশন। এক মাসের মধ্যে ১ কোটির বেশি ইউজার ডাউনলোড করেছে এই চীন-বিরোধী অ্যাপটি।
১৭ই মে গুগল প্লে স্টোরে এসেছে এই চীন বিরোধী অ্যাপ। ইতিমধ্যেই ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটির বেশি ডাউনলোড রয়েছে গুগল প্লে স্টোরে। অ্যান্ড্রয়েড ইউজাররাই আপাতত এই অ্যাপের সুবিধা নিতে পারবেন।
কী রয়েছে এই মোবাইল অ্যাপে?
মোবাইলে এই ‘Remove China App’ থাকলে, ফোনে অন্যান্য চীনা অ্যাপ সম্পর্কে তথ্য জানতে পারবেন ইউজার। কোনও অ্যাপে চীন-সম্পর্কের খোঁজ পেলেই ইউজারকে সতর্ক করে এই মোবাইল অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোরে এর ডেসক্রিপশনে লেখা, ‘আমাদের উদ্দেশ্য হল ভারতে বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করা।’
ইনস্টলের পর পরই স্ক্যানিংয়ের সুযোগ দেয় অ্যাপটি। স্মার্টফোনে ইনস্টল হওয়া সব অ্যাপ্লিকেশন স্ক্যান করে চীনা অ্যাপ কোনগুলি, তার তালিকা ইউজারকে জানায় এই অ্যাপ। তবে ইউজারের থেকে অনুমতি চেয়েই সব অ্যাপ্লিকেশন স্ক্যান শুরু করে চীন-বিরোধী এই অ্যাপটি।






