প্রাক্তন স্ত্রী আর্থিকভাবে স্বাবলম্বী হলেও তাঁকে খোরপোষ দিতে হবে, জানালো হাইকোর্ট

বিবাহ বিচ্ছেদ মামলায় এবার নতুন রায় দিল বোম্বে হাইকোর্ট। সাধারণত বিবাহ বিচ্ছেদের পর স্বামীকে তার স্ত্রীর ভরণ পোষণের জন্য খোরপোশ দিতে হয়। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাক্তন স্ত্রী আর্থিকভাবে স্বাবলম্বী। তাই আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রীকে খোরপোশ দেওয়া উচিত কিনা এই সংক্রান্ত বিবাদ বহুদিন ধরেই চলছিল। সম্প্রতি এক মামলার রায় দিতে গিয়ে বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, মহিলাদের আর্থিক স্বাধীনতার সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে রক্ষণাবেক্ষণের দাবির কোনও সম্পর্ক নেই। তাঁরা স্বাবলম্বী হলেও রক্ষণাবেক্ষণ পেতে পারেন।

২০১৯ সালের ৭ই ফেব্রুয়ারি পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন স্ত্রীকে মাসিক ১৫ হাজার টাকা খোরপোশ দিতে অস্বীকার করে হাইকোর্টে আবেদন জানান ৫২ বছর বয়সী পুনের এক ব্যবসায়ী। সেই আবেদনের শুনানিতেই এহেন মন্তব্য করেন বোম্বে হাইকোর্টের বিচারপতি এন জে জমাদার।

আবেদনকারীর যুক্তি, তাঁর প্রাক্তন স্ত্রী বিউটি পার্লার চালান। সেই সূত্রে তাঁর ভালো রোজগার হয়। তাই তাঁর মাসিক খোরপোশের দাবি ভিত্তিহীন।

শুনানিতে বিচারপতি জমাদার বলেন, স্ত্রী কোনও ব্যবসা সূত্রে আয় করেন বলেই তাঁর মাসিক রক্ষণাবেক্ষণের জন্য অর্থ চাওয়ার অধিকার নেই, এই যুক্তি টেকে না। এ ক্ষেত্রে তাঁর অধিকার গুরুত্ব পাবে, তাঁর আর্থিক স্বাবলম্বী হওয়া নয়, জানিয়েছে হাই কোর্ট।

বিচারপতি আরও বলেন, বর্তমানে বিউটি পার্লার থেকে আয় অনেকটাই মরশুমের উপর নির্ভর করে, তার ওপরে পুরোপুরি নির্ভর করা চলে না। তাছাড়া যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সেখানে জীবনযাপন এর খরচ বহুগুণ বেড়েছে তাই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া মানেই তার অধিকার কেড়ে নেওয়া যায় না এই খোরপোশ বিবাহ বিচ্ছেদের পর স্বামীকে দিতেই হবে।

তবে বিবাহ বিচ্ছিন্নার দাবি করা অর্থের পরিমাণ ১৫ হাজার টাকা থেকে কমিয়ে মাসিক ১২ হাজার টাকা নির্দিষ্ট করেছে আদালত।

আরও অন্যান্য খবর