রাজস্থান রাজনীতিতে নতুন নাটক! কংগ্রেসের কোপে পাইলট অনুগামী ২ বিধায়ক!

শচীন ঝড়ে টালমাটাল রাজস্থানের রাজনীতি। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিদ্রোহী পাইলটকে বহিষ্কারের পর এবার ২ পাইলট অনুগামী বিধায়ককে দল ছাড়া করল কংগ্রেস নেতৃত্ব।

এই দুই বিধায়ক হলেন বিশ্বেন্দ্র সিংহ ও ভানওয়ারলাল শর্মা। এঁদেরকে প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করল কংগ্রেস। একইসঙ্গে রাজস্থানে বিধায়ক কেনাবেচায় জড়িত আছেন বলে অভিযোগ তুলে কংগ্রেস দল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের গ্রেফতারিও দাবি করেছে।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা আজ তিন ব্যক্তির কথোপকথনের একটি অডিও টেপ প্রকাশ করে দাবি করেন, ওই অডিও টেপে যাঁদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাঁরা হলেন বিধায়ক ভানওয়ারলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত ও জয়পুর নিবাসী জনৈক সঞ্জয় জৈন। সাংবাদিক বৈঠকে দুই বিধায়কের সাসপেনশনের সিদ্ধান্ত ঘোষণা করে সুরজেওয়ালা দাবি তোলেন আমরা চাই, শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সুষ্ঠ তদন্ত হোক। যদি তিনি সরকারি পদ, ক্ষমতার অপব্যবহার করেছেন বলে প্রমাণ মেলে তাহলে অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত। পায়লট শিবিরের বিধায়ক ভানওয়ারলাল শর্মা, বিজেপি নেতা সঞ্জয় জৈনের নামেও এফআইআর করার দাবি তুলে তিনি বলেন, ওঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তাঁর ও অনুগামীদের বিরুদ্ধে রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর দলত্যাগ বিরোধী আইনের আওতায় জারি করা সদস্যপদ খারিজের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। স্পিকার আজকের মধ্যে তাঁদের জবাব চেয়েছিলেন। হাইকোর্ট বিষয়টি দুই বিচারকের বেঞ্চে পাঠিয়েছে। পায়লটের পক্ষে মামলা লড়ছেন শীর্ষ আইনজীবী হরিশ সালভে। স্পিকারের পক্ষে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি।

আরও অন্যান্য খবর