বিশ মিনিটেই ধরা পড়ছে মারণ করোনা, রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের পথ দেখাচ্ছে অস্ট্রেলিয়া

বিশ্বব্যাপী যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে তাতে কোভিড টেস্ট করা খুবই জরুরি হয়ে পড়েছে। আদৌ এই করোনা সংক্রমন গোষ্ঠী সংক্রমণে পরিণত হয়েছে কিনা তা জানার জন্যেও টেস্টের দরকার। এখনো অবধি সোয়াব টেস্ট বা লালারস পরীক্ষার মাধ্যমেই করোনা চিহ্নিত করা যাচ্ছিল। কিন্তু এইবার রক্ত পরীক্ষার মাধ্যমেও করোনা পরীক্ষার নতুন পথ আবিষ্কার করে ফেলল অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সময় মাত্র ২০ মিনিট। হ্যাঁ মাত্র ২০ মিনিটের মধ্যেই এবার জানা যাবে কেউ কোভিড আক্রান্ত কিনা!

রক্তের মাধ্যমে করোনা সনাক্তকরণ এর আগে কেউ করেনি, “এই ধরনের পরীক্ষা বিশ্বে এই প্রথম” বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। গবেষকরা আরও জানিয়েছেন, কোনও ব্যক্তি বর্তমানে করোনা আক্রান্ত হয়েছেন কি না, সেটা যেমন জানা যাচ্ছে এই রক্ত পরীক্ষার মাধ্যমে, তেমনই ওই ব্যক্তি অতীতে সংক্রামিত হয়েছিলেন কি না, সেটাও জানা সম্ভব হয়েছে এই পরীক্ষার সাহায্যে।

বিজ্ঞানীদের বক্তব্য, সোয়াব টেস্ট বা লালারসের পরীক্ষার ক্ষেত্রে যা সময় লাগতো তার তুলনায় রক্তপরীক্ষার ক্ষেত্রে অনেক কম সময় লাগছে। শুধু তাই নয় এত দিন করোনা রোগীর সংক্রমনের ইতিহাস জানতেও অনেক সময় লাগতো কিন্তু এই পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি কোনো করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে এসেছে কিনা, তাও জানা যাচ্ছে। তবে এই রক্ত পরীক্ষা সব থেকে বেশি কার্যকর হবে ভ্যাকসিনের কেমিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে। কারণ হিউম্যান ট্রায়ালের সময় প্রয়োগ করা ভ্যাকসিন মানুষের শরীরে সঠিকভাবে সংক্রমন প্রতিহত করতে পারছে কিনা এবং সেই ব্যক্তি সেরে উঠছেন কিনা তা খুব কম সময়ই জানতে পারা যাবে।

গবেষকরা বক্তব্য, ‘এই পরীক্ষায় সময় কম লাগার দরুণ আমরা প্রতি ঘণ্টায় কয়েকশো পরীক্ষা করে ফেলতে পারছি। এছাড়াও জমাট বাঁধা রক্তের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়াচ্ছে কি না, সে বিষয়ও আমরা জানার চেষ্টা করছি। এই পরীক্ষার জন্য একজন ব্যক্তির সংগৃহীত রক্তের নমুনা থেকে ২৫ মাইক্রোলিটার প্লাজমা নেওয়া হচ্ছে। এরপর সেই রক্তে কী কী উপস্থিত রয়েছে, সেটাও জানা যাচ্ছে।’

এছাড়া এই অত্যাধুনিক পরীক্ষা পদ্ধতির জন্য পেটেন্ট নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে যাতে আরও বেশি মানুষের পরীক্ষা করা সম্ভব হয়, তার জন্য বাণিজ্যিক সংস্থাগুলির পাশাপাশি সরকারেরও সাহায্য চেয়েছে গবেষকরা।

আরও অন্যান্য খবর