৯ মাসের মাথায় ঘাসফুল শিবিরকে ছেড়ে পুনরায় গেরুয়া শিবিরে ফিরলেন মালদার ভাবুক পঞ্চায়েতের প্রধানসহ চারজন। পঞ্চায়েত প্রধানের দাবি ভুল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার ভুল শুধরে নিজের ঘরে ফিরলেন। অন্যদিকে বিজেপিই তুলে নিয়ে গেছে প্রধানকে, বলে দাবি করছে তৃণমূল।৯ মাস আগে ভাবুক পঞ্চায়েত প্রধানসহ ৪জনের দলবদলের জেরে বিজেপির হাত ফসকে তৃণমূলের হাতে চলে যায় মালদার ভাবুক পঞ্চায়েত। কিন্তু নতুন দলে বেশিদিন মন টিকলো না তাই ফের বিজেপিতে যোগদান করলেন ভাবুক পঞ্চায়েত প্রধানসহ আরও ৪ জন কর্মী।
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, “তৃণমূল আমাকে ভুল বুঝিয়ে নিজেদের দলে নিয়ে গেছিল। আমিও তখন চলে গেছিলাম। এরপর বেশ কিছুদিন কাজ করি কিন্তু আমার ভালো লাগেনি। তাই আবার নিজের দলে ফিরে আসি।”
ভাবুক পঞ্চায়েত প্রধানের এ হেন দল বদলের ঘটনায় বিজেপিকেই পাল্টা দোষারোপ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, “ওই পঞ্চায়েতের উপপ্রধান এবং বিজেপির বেশ কিছু ঠিকাদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পঞ্চায়েত প্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কিন্তু এদিন উনি যখন জামাইকে দেখতে হাসপাতালে যান তখন বিজেপির লোকজন ওকে অপহরণ করে নিয়ে যায়। এবং কোথাও একটা লুকিয়ে রাখে। এখানে অন্যদলে যোগদানের কোনো ব্যাপার নেই। প্রধান ছাড়া পেলে উনি আবার কাজ করবেন। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করবে।”






