আইপিএল-এর প্রথম তিন বছর কলকাতা নাইট রাইডার্সের কাছে দুঃস্বপ্নের মতো। লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল দলকে। দ্বিতীয় বছর অর্থাৎ ২০০৯ সালে দলের কোচ হন জন বুকানন। এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার কথা বলেন কোচ বুকানন। সেই বিষয় নিয়েই এতদিন পর মুখ খুললেন তিনি। ঐ মরসুমে কোচ জন বুকানন নিয়ে আসেন ‘মাল্টিপল ক্যাপ্টেন্সি’ তত্ত্ব।
সেই বছর ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে খেলেছিল কলকাতা। একটি সাক্ষাৎকারে জন বুকানন বলেন, “আমার মনে হয় এক জন মানুষের পক্ষে সমস্ত কিছু একসঙ্গে মনে রাখা মুশকিল। খুব দ্রুততার সঙ্গে সমস্ত সিদ্ধান্ত নিতে হয়। আর তাই সবাইকে লিডার করে তোলার দিকেই এগোচ্ছে ক্রিকেট। অন্যভাবে আপনি এটিকে স্প্লিট ক্যাপ্টেন্সি বলছেন, কিন্তু আপনি চান সকলকে মাঠে নেতার ভূমিকা নিতে। আজকের দিনে সকল বোলারই নিজেদের বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। কোচ এবং অধিনায়কের পরামর্শ সত্ত্বেও ব্যাটিংয়ের সময় শেষ সিদ্ধান্ত নেয় ব্যাটসম্যানই। আমার মনে হয় এখানেই একটি দলের শক্তি বোঝা যায়।”
সেই সঙ্গে বিস্ফোরক দাবি জানিয়ে বুকানন বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কখনও টি২০ ক্রিকেটের উপযুক্ত অধিনায়ক ছিলেন। বুকানন বলেন, “সেই সময় আমার ভাবনা ছিল যে, একজন অধিনায়ক হিসেবে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার খেলা সেই ছোট ফর্ম্যাটের উপযুক্ত হতে হবে। আমি বিশ্বাস করি সৌরভ কখনই এই টি২০ ফর্ম্যাটের উপযুক্ত ছিল না এবং অবশ্যই এই ফর্ম্যাটে অধিনায়কের ভূমিকাতেও উপযুক্ত ছিল না।”






