বালিকা বধূ, সুজাতা ধারাবাহিকের পরিচালক এখন রাস্তায় আনাজ বেচছেন, দেখে চমকে উঠেছেন নেটিজেনরা!

কোভিড ১৯ এবং লাগাতার লকডাউন গোটা বিশ্বের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। এই লকডাউন তাবড় তাবড় ধনী ব্যক্তিদেরও কার্যত পথে বসিয়ে দিয়েছে। টেলিভিশন ইন্ডাস্ট্রির ব্যক্তিরাও এর ছোবল থেকে ছাড় পাননি। তার কঠোরতম নিদর্শন চোখে পড়ল ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

জনপ্রিয় টিভি সিরিয়াল “বালিকা বধূ” (Balika Vadhu) এবং “কুছ তো লোগ ক্যহেঙ্গে” (Kuchh To Log Kahenge) নামক দুটি সিরিয়ালের পরিচালক রাম বৃক্ষ গৌরকে (Ram Vriksha Gaur) দেখা গেল উত্তরপ্রদেশের আজমগড়ে ঠেলাগাড়িতে করে আনাজ বিক্রি করছেন।

ভিডিওটি ভাইরাল হতেই হতাশার ছায়া টেলি দুনিয়ায়। মাত্র ৬-৭ মাসের মধ্যেই একজন পরিচালকের (Director) যদি এই অবস্থা হয়, তাহলে যাঁরা টেলি দুনিয়ায় অপেক্ষাকৃত অধস্তন কর্মচারী, তাঁদের অবস্থা আরও কত শোচনীয় হবে, ভেবেই প্রমাদ গুনছেন অনেকে।

তবে পরিচালক নিজে স্বীকার করেছেন, এই কাজ করতে তিনি বিন্দুমাত্র অস্বস্তি ভোগ করছেন না। পরিচালকের কথায়, “আমি আমার পরবর্তী ছবির রেকি করতে লক্ষ্ণৌতে এসেছিলাম। তারপরেই কড়া লকডাউন (Lockdown) শুরু হয়ে যায়। প্রযোজক বলেন ছবির কাজ আপাতত স্থগিত রাখতে হবে। অন্তত আরও একবছর বা তারও বেশী সময় পর্যন্ত বন্ধ থাকবে এই ছবির যাবতীয় কাজ। তখন আমি আজমগড়ে আমার বাড়িতে চলে আসি। আর তখনই আমাদের পারিবারিক ব্যবসা এই আনাজ বিক্রয়ে লেগে পড়ি। আমি এতে অভ্যস্ত আছি।’

তিনি ২০০২ সালে চোখে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দেন। বন্ধু এবং কাহিনীকার শাহনওয়াজ খান সেই সময়ে তাঁর পাশে দাঁড়ান। এরপর ক্রমে লাইট সেটিং, প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতে শুরু করেন। তারপর তিনি একাধিক সিরিয়ালে সহকারী পরিচালকের কাজও করেন। অবশেষে শিকে ছেঁড়ে। জুটে যায় “বালিকা বধূ” সিরিয়ালের পর্বভিত্তিক পরিচালনার সুযোগ। একাধিক নামজাদা পরিচালকদের ছবিতেও তিনি সহকারী পরিচালকের কাজ করেছেন। তাঁদের মধ্যে যশপাল শর্মা, মিলিন্দ গুনাজি, রাজপাল যাদব, সুনীল শেট্টি প্রমুখ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

পরিচালকের কথায় তিনি এরপর পরপর একটি ভোজপুরি ছবি এবং একটি হিন্দি ছবি বানাবেন। কিন্তু সবকিছুই সম্ভব হবে এই লকডাউনের স্থায়ীত্বের উপর। তিনি আরও বলেছেন “মুম্বাইতে আমার একটি বাড়িও আছে। একদিন তো সেখানে ফিরতেই হবে, ততদিন যতটা পারি বাবার ব্যবসায় বাবাকে সাহায্য করি।”

-“এরকম কাজ করতে আপনার অসুবিধা হচ্ছেনা?”
সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে একরাশ হেসে রাম বৃক্ষ বললেন, “না, অসুবিধা কেন হবে? আমি এখানেই ছোট থেকে মানুষ, আর এটাই আমাদের পারিবারিক ব্যবসা, তাহলে এটা করতে লজ্জা কেন পাব?”

RELATED Articles

Leave a Comment