ভারতে মহিলাদের কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দেয়, রাষ্ট্রসঙ্ঘে এমনটাই বক্তব্য রাখলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। আন্তর্জাতিক মহলে তিনি স্পষ্ট জানান, ভারত সরকার মহিলাদের ক্ষমতায়ন এবং সুরক্ষার গুরুত্ব বোঝে। আর সেজন্য একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ করেছে।
বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘে মহিলাদের জন্য একটি কনফারেন্স আয়োজন করা হয় যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। এই ভার্চুয়াল সভায় তিনি বলেন যে, “যদি সংখ্যার বিচার করতে যাই তাহলে মেয়েরা মানবজাতির অর্ধেক। কিন্তু তাদের প্রভাব সমাজের সকল স্তরে। ভারতবর্ষে আমরা কিন্তু লিঙ্গ সমতা এবং মহিলাদের ক্ষমতায়নে অত্যন্ত গুরুত্ব দিই।”
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার ভারতীয় মহিলাদের সার্বিক উন্নতির জন্য বেশকিছু সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ভারতে নারীদের অবস্থা বদল ঘটাচ্ছে। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর মতো প্রকল্প নারীদের উন্নতিসাধন ঘটাচ্ছে।
এছাড়াও ভারতে লিঙ্গ সমতাকে আজ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এখানে সমাজের সব ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য মূলক সমস্ত রীতিনীতির অবলুপ্তি ঘটানো হয়েছে। কর্মক্ষেত্রে নারী সুরক্ষা, গার্হস্থ্য হিংসা থেকে নারীদের রক্ষা করা, শিশুকন্যাদের যৌন নির্যাতন বন্ধ করার জন্য ভারত সরকার বিগত ছয় বছরে দেশের বিভিন্ন আইনে প্রয়োজনীয় সংশোধন এনেছে।
স্মৃতি ইরানি স্পষ্ট করে দিয়েছেন যে, মহিলাদের ক্ষমতায়ন নয় তাদের সার্বিক উন্নয়নই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র কীভাবে দেশের কুড়ি কোটি মহিলাকে আর্থিক ব্যবস্থার অধীনে এনে তাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আর্থিক লেনদেনের সাহায্য দিয়েছে সেকথাও বিস্তারিত বর্ণনা করেন স্মৃতি ইরানি।





