নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে হিট জুটি মানেই শাহরুখ-কাজল। বলিউডের রোম্যান্স কিং আর যে হিরোইনের সঙ্গেই অভিনয় করুক না কেন, কাজলের সঙ্গে তার রসায়ন সব সময়ই নজর কাড়া। শাহরুখ-কাজল জুটি পর্দায় আসা মানেই আলাদা এক রোম্যান্টিসিজম তৈরি হওয়া। তাদের দুজনের মধ্যেকার বন্ধন এতো সুন্দর যে পর্দায় দেখলে মনেই হয় না রোম্যান্সের জন্য তাদের আলাদা কোনও বাড়তি প্রয়াস করতে হচ্ছে বলে। এই জাদুটা পর্দায় এমনিই তৈরি হয়ে যায়।
তবে সব জুটিরই একটা ইতিহাস থাকে। হঠাৎ করেই কোনও জুটি বিখ্যাত হয়ে যায় না বা দর্শক হঠাৎই কোনও জুটিকে আপন করে নেয় না। তেমনি শাহরুখ কাজলের জুটির চলার পথও মোটেই মসৃণ ছিল না। তবে এ ক্ষেত্রে দর্শক নয়, বাধ সেঁধেছিলেন খোদ বলিউড বাদশাই।
শাহরুখ খানের সঙ্গে প্রথম ‘বাজিগর’ ছবিতে অভিনয় করেন কাজল। এটিই ছিল তার প্রথম ছবি। তখন শাহরুখও উঠতি নায়ক, নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত তিনি। ‘বাজিগর’ ছবিতে শাহরুখ-কাজলের জুটিকে প্রথম থেকেই আপ করে নিয়েছিলেন দর্শক। যদিও শোনা যায় এই ছবির জন্য কাজলের নাম নাকি শাহরুখই সুপারিশ করেছিলেন কিন্তু নিজের বিপরীতে কাজলকে ঠিক মেনে নিতে পারেন নি তিনি। তার প্রমাণ মেলে আমির খানকে বলা তার একটি উক্তিতেই।
আমির খানও তখন নিজের কেরিয়ারের শীর্ষে ‘বাজিগর’ ছবির পর আমির শাহরুখকে ফোন করে কাজলের সম্পর্কে জিজ্ঞাসা করেন। কাজল কীরকম কাজ করছেন বা তাকে তার পরবর্তী ছবিতে নেওয়া ঠিক হবে কী না, এই বিষয়ে কথা হয় শাহরুখের সঙ্গে। কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবেই শাহরুখ আমিরকে জানান যে তিনি চান না যে আমির খান কাজলকে তার ছবিতে নিক। প্রথম ছবি করার পর কাজলকে নাকি একেবারেই ভালো লাগেনি তার। তার মতে কাজল কাজটা ঠিকঠাক জানে না, এমনকি, সে অভিনয়টাও নাকি ভালো করতে পারে না বলে আমিরকে জানান শাহরুখ। তার এই কথা শোনা মাত্রই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির।
তারপর বহু বছর কেটে গেছে। ভবিষ্যতে হয়ত লেখা ছিল অন্য কিছুই। তাই সেই কাজলের সঙ্গেই পরবর্তীকালে জুটি বেঁধে জীবনের সেরা ছবিগুলো করেছেন বলিউডের ‘কিং অফ রোম্যান্স’। এরপর একে একে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’-এর মতো হিট হট ছবিতে অভিনয় করতে দেখা গেছে এই জুটিকে। পর্দায় এই জুটি রোম্যান্সের দিক দিয়ে কতটা ঝড় তুলতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জানা যায়, পরবর্তীকালে নিজের মন্তব্যের জন্য কাজলের কাছে ক্ষমাও চেয়েছিলেন শাহরুখ।






