এবার আরও বিপাকে শাসকদল। গরু পাচার কাণ্ডে মূল পাণ্ডা তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই। এর আগে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু প্রত্যেকবারই কোনও না কোনও অজুহাতে তিনি তা এড়িয়ে যান বলে জানা গিয়েছে। এবার তাই বিশেষ আদালতে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করার আর্জি জানায় সিবিআই। সেই আর্জিই মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা।
বেশ কিছুদিন আগে বিনয় মিশ্রের বিরুদ্ধে গরু পাচার কাণ্ডের সঙ্গে যোগসাজশের প্রমাণ পায় সিবিআই। সেই সময় তাঁকে তলভ করা হলে তিনি কিছুটা সময় চেয়ে নেন সিবিআইয়ের কাছ থেকে। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রম করলেও তিনি সিবিআই দফতরে হানা দেননি। এমনকি, নোটিশ পাওয়ার পরেও তা অগ্রাহ্য করে যান বিনয় মিশ্র, এমনটাই খবর মিলেছে।
এরপর, গতকাল মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি চালালে সেখানেও তাঁকে পাওয়া যায়নি বলে খবর সিবিআই সূত্রে। ফোনেও বিনয় মিশ্রের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এরপরই সিবিআই আধিকারিকরা অনুমান করেন যে, বিনয় মিশ্র তাহলে পলাতক। এই কারণে গতকাল ছুটির দিন হওয়া সত্ত্বেও আধিকারিকরা আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন। তাদের সেই আর্জি মেনে নেন বিচারপতি জয়শ্রী বন্দ্যোপাধ্যায় ও বিনয় মিশ্রকে গ্রেফতার করার পরোয়ানা জারি করেন।
বিনয় মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে গরুপাচার কাণ্ড ও কয়লাপাচার কাণ্ড, এই দুই মামলারই জট খুলতে পারে বলে মনে করছে সিবিআই। এই কারণেই বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রকে জেরা করতে চাইছে তাঁরা। ইতিমধ্যেই বিকাশের থেকে বেশ কিছু নথি মিলেছে। বিনয় মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করায় সোমবারও সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ। কিন্তু নোটিশ পাওয়ার পরেও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিনয়ের তরফ থেকে।






