প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডাক পেয়েছেন! ‘গেলে হাত পা ভেঙে দেওয়া হবে’ বলে হুমকি ফোন পেলেন শুভেন্দু ভ্রাতা দিব্যেন্দু

তৃণমূলের সঙ্গে শেষ সম্পর্কভুক্ত দিব্যেন্দু অধিকারীকে গত পরশু সরিয়ে দেওয়া হয়েছে তিনটি কলেজের পরিচালন কমিটির পদ থেকে। উল্লেখযোগ্যভাবে, দিব্যেন্দু এখনও শাসক দলেই রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এই পদ থেকে।

যদিও শুভেন্দু পরবর্তী অধিকারী পরিবারে তিনি যে আসন্ন ভবিষ্যতে বিজেপিতেই যোগ দিতে চলেছেন সেই নিয়ে বাড়ছে গুঞ্জন। কারণ খবর, ইতিমধ্যেই হলদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে শুভেন্দু ভ্রাতা দিব্যেন্দুকে আমন্ত্রণ জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

এবার এই ঘটনাকে কেন্দ্র করেই হুমকি ফোন পেলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এমনই অভিযোগ করলেন সদ্য বিজেপি–তে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। তাঁর অভিযোগ, আমন্ত্রণ গ্রহণ করার পর থেকেই তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।

সাংসদ নিজে কি বলছেন? তাঁর কথায়, ‘হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গেলে আমার হাত–পা ভেঙে দেবে বলে হুমকি দেওয়া হচ্ছে ফোনে। যদিও এই ব্যাপারে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। আমি ওই অনুষ্ঠানে যাবই। এটা একটা সরকারি অনুষ্ঠান। স্থানীয় সাংসদ হিসেবে প্রধানমন্ত্রী দফতর থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও আমাকে অনুষ্ঠানে আসতে বলেছেন।’‌

প্রসঙ্গত উল্লেখ্য, দিব্যেন্দুর দাদা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী গত ১৯শে ডিসেম্বর গেরুয়া শিবিরে নাম লেখান। তাঁর আর‌ও এক ভাই সৌমেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছেন। আর তার পর থেকে দিব্যেন্দু এবং তাঁর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী— দু’‌জনেই রাজ্যের শাসকদল তৃণমূল থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। সম্প্রতি নন্দীগ্রামে সভা করেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেও গরহাজির ছিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু।

মমতার ওই সভার ব্যাপারে দিব্যেন্দু বলেন, ‘আমি ওই সভায় কোনওরকম আমন্ত্রণ পাইনি। তা ছাড়া আমি সেদিন নানা কাজে ব্যস্তও ছিলাম। এমনকী আমাকে এ নিয়েও হুমকি দেওয়া হয় যে যদি আমি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাই তা হলে আমাকে মারধর করা হবে।’‌

যদিও, তৃণমূলের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। কিন্তু জল্পনা চলছে, চলতি মাসের শেষের দিকেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছেন তিনি তাঁর পরিবারেও পদ্ম ফুল ফোটাবেন। দল ছাড়বেন কিনা জানতে চাইলে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। এবং দল ছাড়ার হলে তিনি জনগণকে জানিয়েই সেই পদক্ষেপ করবেন।

তবে দিব্যেন্দু অধিকারির পাওয়া হুমকি ফোনের বিষয়ে তৃণমূল জড়িত নয় বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। অধিকারী পরিবারের বিরোধী গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ তৃণমূল নেতা অখিল গিরি বলেন, ‘‌কেন আমরা তাঁকে হুমকি দেব? আমার মনে হয় তিনি (‌দিব্যেন্দু অধিকারী)‌ প্রচার পেতে এ সব করছেন। এ ধরণের কোনও হুমকি দেওয়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়।’‌

RELATED Articles