মার্জার সরণি মাতালেন মদন, মডেলদের পাশে নিয়ে হাতে হাত রেখে র‍্যাম্পে হাঁটলেন তৃণমূল নেতা

এবার রূপটান শিল্পীদের সঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র। তাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিশেষ সম্মান দেওয়ার কথা ঘোষণাও করেন তিনি। এমনকি, এদিন রূপটান শিল্পীদের দ্বারা সেজে ওঠা নানান মডেলদের পাশে নিয়ে, তাদের হাতে হাত রেখে র‍্যাম্প ওয়াক করতেও দেখা গেল বিধায়ককে।

এদিন মঞ্চে দেখা গেল সদ্য বিজেপি ছেড়ে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। ‘গ্লোরিয়াস মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো’-এর তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সহায়তা করেছেন শুভব্রত বিশ্বাস।

রূপটান শিল্পীরা বরাবরই আড়ালেই থেকে যান। অথচ তাদের হাতের টানেই বিনোদন ও ফ্যাশন দুনিয়ার নানান তারকারা আরও সুন্দরী হয়ে ওঠেন। কিন্তু রূপের কারিগররা লাইমলাইটে আসার সুযোগ পান না।

এবার গত ৭ই নভেম্বর তাঁদের প্রকাশ্যে আনেন সংস্থার অন্যতম প্রতিনিধি মুনমুন দাস, মোনা দাস। এই সংবাদমাধ্যমে মোনা জানান, শিল্পীরা এখনও সমাজে যথাযথ সম্মান পান না। তিনি নিজেও রূপটান শিল্পী। এই কারণেই রূপটান শিল্পীদের যথাযথ সম্মান জানানোর ইচ্ছে হয়েছে তাঁর।

উদ্যোক্তাদের ডাকে এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রূপটান শিল্পীরা। তাঁদের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই পর্বে তাঁদের হাতে সেজে উঠেছিলেন নানান মডেলরা।

সেরা শিল্পীদের সম্মানিত করা হয় নগদ অর্থ দিয়ে। তাদের বিনোদন দুনিয়ায় কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এদিন এই অনুষ্ঠানের বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপটান শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার।

আরও অন্যান্য খবর