আজকের দিনটি বেশ গর্বের দিন বাঙালির জন্য। বাঙালির প্রিয় দুর্গাপুজো পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কোর ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় সামিল হল দুর্গাপুজোর নামও।
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাংলার ঐতিহ্য এই দুর্গোৎসব। এই পুজো বাঙালির বটে, কিন্তু এতে সামিল হন নানান ধর্মের, নানান বর্ণের মানুষ। এবার দুর্গাপুজো ছিনিয়ে নিল আন্তর্জাতিক সম্মানও।
আজ, বুধবার ইউনেস্কোর তরফে টুইট করে জানানো হয়, রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর (Intangible Heritage) তালিকায় নাম সকামিল হল দুর্গাপুজোর।
🔴 BREAKING
Durga Puja in Kolkata has just been inscribed on the #IntangibleHeritage list.
Congratulations #India 🇮🇳! 👏
ℹ️https://t.co/gkiPLq3P0F #LivingHeritage pic.twitter.com/pdQdcf33kT
— UNESCO 🏛️ #Education #Sciences #Culture 🇺🇳 (@UNESCO) December 15, 2021
গত ১৩ই ডিসেম্বর থেকে ইউনেস্কোর বিশেষ সভা বসেছে প্যারিসে। এই সভা চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। এই সভাতেই দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনেস্কোর মতে, ধর্ম-বর্ণের বেড়াজাল ভেঙে এই উৎসবে সামিল হন সমস্ত মানুষ। দুর্গাপুজোর এই বৈশিষ্ট্যের জন্যই ‘হেরিটেজ’ তকমা পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব।
গত সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসব হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নের তরফে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থায় এই আবেদন পাঠানো হয়। নানান দেশের প্রতিনিধিরা এই আবেদন মূল্যায়ন করেন। সেই আবেদনের বিচারেই এবার বাঙালির প্রাণের পুজোকে দেওয়া হল হেরিটেজ সম্মান।
বলে রাখি, মানবসভ্যতার ভমান সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়ে বিচার করে এখনও পর্যন্ত বিশ্বের মোট ৫টি উৎসবকে ইউনেস্কোর তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে। বেলজিয়াম, বলিভিয়া, ফ্রান্স, ব্রাজিল, সুইজারল্যান্ড, বিশ্বের এই ৫টি দেশের উৎসব এখনও পর্যন্ত ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এবার এই তালিকায় জুড়ল ভারতের নাম, আর সেই সঙ্গেই জুড়ে বাংলার নামও। বিশ্বের দরবারে আরও উজ্জ্বল হল বাঙালির।






