এক মাস ১৮ দিন কেটে গিয়েছে কাউন্সিলররা শপথগ্রহণ করেছেন। এরপর অবশেষে ঘোষণা করা হল দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদদের নাম। গত সোমবার চেয়ারম্যান পরিষদের পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, নাভাস মালাকার, পার্থ বর্মা, মৃন্ময় দাস, মুনমুন চট্টোপাধ্যায় ও সঞ্জয় দাস।
প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান-সহ সকল কাউন্সিলরদের শপথগ্রহণ করা হয়ে গেলেও এতদিন পর্যন্ত তৈরি হয়নি চেয়ারম্যান পরিষদ। দক্ষিণ দমদম পুরসভার মধ্যে আসলে বিধাননগর, দমদম ও রাজারহাট-গোপালপুর বিধানসভার কিছু কিছু অংশ পড়ে। এই কারণে কোন বিধানসভার কতজন চেয়ারম্যান পরিষদে সুযোগ পাবেন, তা নিয়ে টানাপড়েনের জন্যই নাকি পরিষদ তৈরিতে সময় লাগছিল বলে গুঞ্জন।
এই বিষয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আগে জানান যে তিন বিধানসভার নেতৃত্বের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি ঠিক করতে সময় লাগছে। তবে দ্রুতই চেয়ারম্যান পরিষদ গঠিত হবে। এর পাশাপাশি ভাইস চেয়ারম্যানকে একাধিক দফতরের দায়িত্ব দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
সেই সময় এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, চেয়ারম্যান পরিষদ গঠন করা হলে দফতর বণ্টন করা হবে। পুর চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার নতুন পাঁচ চেয়ারম্যান পারিষদ শপথ গ্রহণ করবেন।
তবে স্থানীয়দের বক্তব্য, পুরসভা পরিচালনায় অভিজ্ঞ মুখকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। এ নিয়ে তৃণমূল সমর্থকদের একাংশের যুক্তি, নতুনরা তো কাজ করতে করতেই অভিজ্ঞতা অর্জন করবেন।






