গাড়ির শোরুম থেকে ৫০০ টাকা চুরির অভিযোগে চরম শাস্তি দেওয়া হল দুই দলিত ভাইকে। গণপিটুনি ছাড়াও শাস্তি স্বরূপ তাদের গোপনাঙ্গে পেট্রোল ঢেলে স্ক্রূ ড্রাইভার দিয়ে খোঁচানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগাউর জেলায়। এই ঘটনায় বুধবার পাঞ্চোলি থানায় অভিযোগ দায়ের করেছেন দলিত দুই যুবক। পুলিশ জানায়, আক্রান্তদের মধ্যে একজনের বয়স ২৪ বছর। অন্যজনের বয়স ২০-র কাছাকাছি। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ৬ জনকে গ্রেফতারও করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত রবিবার। জয়পুর-এর কাছে নাগাউর জেলায় একটি মোটরবাইকের শোরুম থেকে টাকা চুরির অভিযোগে বেধড়ক মারধর করা হয় ওই দলিত দুই ভাইকে। দোকানের কর্মীরা ছাড়াও তাঁদের মারধর করে আম-জনতা। বেধড়ক মারধরে একসময়ে দুই ভাইয়ের নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলেও থামেনি গণপিটুনি। উল্টে আধমরা দুই ভাইয়ের যৌনাঙ্গে স্ক্রূ ড্রাইভার দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত কাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ। এরপর পুলিশকে অভিযোগ জানানোর সময় দুই যুবক জানান, তাঁদের যৌনাঙ্গ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল উত্তেজিত জনতার। এই পরিস্থিতিতে এলাকারই কয়েকজন বাসিন্দা তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। এলাকাবাসীর এই চরম আক্রমণের শিকার হয়ে দুই ভাইয়ের দাবি, তাঁরা চুরি করেননি। বরং দলিত বলেই তাঁদের এহেন নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন আক্রান্তরা।





