এই বছরের একুশের মঞ্চে মুড়ি যেন কেমন একটা চর্চার বিষয় হয়ে দাঁড়াল। কেন্দ্র সরকারকে মুড়িতে জিএসটি বসানো নিয়ে কটাক্ষ ক্তে একুশের মঞ্চ থেকেই এক কর্মীর থেকে মুড়ি নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলযোগের জন্য বাড়ি থেকে আনা সেই মুড়িই যে তাঁর প্রিয় নেত্রীর হাতে তুলে দিতে পারবেন, তা হয়ত কখনও ভাবতেও পারেন নি পূর্ব বর্ধমানের আউসগ্রামের দেবাশিস মুখোপাধ্যায় ও নিরঞ্জন পাল।
এদিনই তারা জানিয়েছিলেন যে মমতার হাতিয়ার হয়ে ওঠা সেই মুড়ি তারা গ্রামে নিয়ে যাবেন। করলেনও তাই। আজ সেই মুড়িই নিজেদের গ্রামে নিয়ে গেলেন দেবাশিস ও নিরঞ্জন। আর সেই মমতার স্পর্শ করা সেই মুড়িই প্রসাদ ভেবে হাতে নিলেন প্রায় ৫০০ তৃণমূল কর্মী-সমর্থক। আজ, শুক্রবার দুপুরে আউসগ্রামে সেই মুড়ি বিতরণ করা হয়।
এদিন এই মুড়ি ভোজে অংশ নেওয়া এক তৃণমূল সমর্থক শিখা রানি পাল বলেন, “দিদি ওই মুড়ি নিজের হাতে স্পর্শ করেছেন। আমরা প্রসাদ হিসেবে তা গ্রহণ করেছি। দিদির হাতের ছোঁয়া রয়েছে ওই মুড়িতে। আমাদের কাছে বিষয়টা স্বপ্নের মতো। কেন্দ্র মুড়ির উপরেও GST বসিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দিদি নির্দেশ দিলে রাস্তায় নেমে প্রতিবাদ করব”।
অন্যদিকে, অপর এক তৃণমূল কর্মী বলেন, “আমাদের নেত্রী আমাদের কাছে দবী স্বরূপ। আর তাই তাঁর হাতের ছোঁয়া আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করেছি”। দেবাশিস মুখোপাধ্যায় এদিন বলেন, “আমরা ওই মুড়ি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তা প্রসাদ হিসেবে গ্রহণ করেছেন সকলে”।
বলে রাখি, গতকাল, বৃহস্পতিবার একুশের মঞ্চ থেকে মুড়ির উপর জিএসটি বসানো নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দর্শকাসনে থাকা এক তৃণমূল কর্মীর থেকে মুড়ি নিয়ে সেই মুড়ি হাতে ধরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। আর সেই মুড়িই আজ ‘মমতার প্রসাদ’ হিসেবে গ্রামে বিতরণ করা হল।






