আজ, শনিবারের সকাল সকালই ঘোর শনি নেমে এসেছে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কপালে। তবে গতকাল থেকেই যে তাঁর শনির দশা চলছে, তেমনটা বলাই যায়। আজ ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর এই ঘটনার পরই আনন্দ উৎসবে মাতলেন বাঁকুড়ার শিক্ষিত বেকার যুবকরা।
এদিন পার্থ গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তায় নেমে উদযাপন করেন বাঁকুড়ার মাচানতলার যুবকরা। পটকা ফাটিয়ে, পথচলতি মানুষদের মিষ্টি খাইয়ে এই আনন্দ ভাগ করে নেন তারা। শুধু তাই-ই নয়, এদিন প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে পার্থকে কটাক্ষ করতেও দেখা গেল এই যুবকদের।
এদিন শহরের নানান প্রান্ত থেকে বহু মানুষ এসে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। ওই কর্মসূচিতে অংশ নিয়ে অরুপ মণ্ডল নামে এক যুবক বলেন, “চাকরি চোর রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর পেয়ে আমি খুব খুশি। সেই খুশিতে বাঁকুড়ার শিক্ষিত বেকার যুবকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। এভাবে চাকরি চোররা শাস্তি পেলে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে”।
উল্লেখ্য, ২৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এদিন গ্রেফতারির পর তাঁকে নাকতলা থেকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই-তে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে একবার মুখ খুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
হাসপাতাল থেকে বেরনোর সময় মাত্র কিছু সেকেন্ডের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন শিল্পমন্ত্রী। গ্রেফতারির আগে বা পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেন, “দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কথা হয়নি”।
বলে রাখি, গতকাল, শুক্রবার সকাল থেকেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তল্লাশি করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। জেরা শুরু তাঁর। অন্যদিকে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা, ২০টি মোবাইল ও ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার করে ইডি। এরপরই আজ সকালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় দু’জনকেই গ্রেফতার করা হয়।






