‘মাত্র দুটো স্ট্রোকেই বেহাল দশা তৃণমূলের, তৃতীয় স্ট্রোকে তো দল কোমায় চলে যাবে’, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এই দুই শীর্ষ নেতার গ্রেফতারিতে যে তৃণমূল (TMC) বেশ চাপের মুখে, তা বলাই বাহুল্য। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ঘটনার জেরে নির্বাচনে কতটা প্রভাব পড়বে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এবার এই নিয়ে ফের শাসক দলকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

গতকাল স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুরে একাধিক অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সকালে জেলা বিজেপির কার্যালয়ে পতাকা উত্তোলন করেন তিনি। এরপর অংশ নেন একটি প্রভাতফেরিতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “ভাইপো বলছে দলের স্বচ্ছ ভাবমূর্তি দরকার। ওদিকে পিসি বলছে কেষ্ট ছাড়া চলবে না”।

এদিন শাসক শিবিরকে শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “আজাদি কা অমৃত মহোত্সব থেকে দেশে শুদ্ধকরণ শুরু হল। এটা চলবে। ওঁদের নেতারা এখন উত্তেজিত হয়ে মারবেন, পিটবেন বলছেন। মনে রাখবেন, খালি পায়ে জুতো না পরে, জামা কাপড় ছাড়াই দৌড়তে হতে পারে। শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। মানুষে ক্ষেপে রয়েছে। কেষ্টকে রাস্তায় যেতে দেখে মানুষ কীভাবে স্বাগত জানিয়েছে তা ওদের মনে রাখা দরকার। ওদের দলে এই মুহূর্তে কে কোথায় রয়েছে? মেদিনীরপুরে তো সকাল থেকে কাউকে দেখলাম না দলের। দলীয় কার্যালয়ে পতাকা তোলার কেউ নেই। যা হয়েছে সরকারি কর্মসূচি। এখনই এই অবস্থা তৃণমূলের। মাত্র দুটো স্ট্রোক হয়েছে। প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট। তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাবে”।

অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তবে তাঁর তেমন কোনও বড় সম্পত্তির হদিশ এখনও মেলেনি। সিবিআইয়ের মতে, অনুব্রতর সম্পত্তি বেনামে রয়েছে। অনুব্রতর দেহরক্ষীর থেকে যদি ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে, তাহলে গরু পাচার কাণ্ডের সঙ্গে জড়িত প্রভাবশালীদের সম্পত্তি কত হতে পারে, তা  নিয়েও চলছে জল্পনা।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরকম ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তিনি অনুব্রতর পাশে রয়েছেন। গত রবিবারই খোদ মমতাই প্রশ্ন তোলেন, “কেন গ্রেফতার করা হল কেষ্টকে? কী দোষ করেছিল ও? যতবার ভোট হয়েছে ততবার ওকে ঘরবন্দি করে রেখেছেন। একটা ভোটেও ওকে বের হতে দেননি আপনারা। কেষ্টর বাড়িতে তাণ্ডব হয়েছে। একতরফা সব বলা হচ্ছে। আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে”।

আরও অন্যান্য খবর