ক্রমেই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এর জেরে আজ, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। এর জেরে সপ্তাহান্তে পুজোর কেনাকাটা করতে বিঘ্ন ঘটতে পারে। বৃষ্টির পূর্বাভাসের জেরে দুশ্চিন্তায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই।
গত দু’সপ্তাহের মধ্যে তেমন ভারী বৃষ্টি হয়নি ফলে প্রতিমা তৈরির কাজ চলছিল জোরকদমে। কিন্তু বৃষ্টির পূর্বাভাসের জেরে কাজে ব্যাঘাত ঘটতে পারে। বাইরে থাকা প্রতিমাতে প্লাস্টিক চাপা দিয়ে রাখছেন শিল্পীরা। ব্রিস্তিব হলে মাটি শুকাবে না। যা নিয়ে বেশ চিন্তায় শিল্পী থেকে শুরু করে পুজোর উদ্যোক্তারাও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতার বেশ কিছু জায়গায়। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল অর্থাৎ রবিবার ও সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলকভাবে বৃষ্টি বেশি হতে পারে। এই দুই জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস।
জানা যাচ্ছে আগামীকাল, রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি বাড়বে। হাওয়া অফিসের তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, “রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে”।





