‘তৃণমূল এই ধরণের ছ্যাবলামো সমর্থন করে না, মদন অন্যায় করেছে’, দিলীপ-শুভেন্দুর তর্পণ করা নিয়ে মদনকে তোপ ফিরহাদের

মহালয়ার দিন সকালে বাবুঘাটে গিয়ে গঙ্গা স্নান সেরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিতে মালা পরিয়ে তাদের উদ্দেশে তর্পণ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেই প্রসঙ্গে এবার বিধানসভার স্পিকারের পর মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, “মদন কী করেছে জানি না। যদি করে থাকে তবে খুব অন্যায় করেছেন। তৃণমূল কংগ্রেস এইসব ছ্যাবলামো পছন্দ করে না”।

কামারহাটির বিধায়কের এহেন কাজকর্মের ফলে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকেও। দল যে এই ধরণের কাজ সমর্থন করে না, তা স্পষ্ট জানিয়ে দেন ফিরহাদ হাকিম। গতকাল, সোমবার হাওড়া পুরসভায় কয়েকটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে গিয়ে সংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম। সেই সময়ই তিনি বলেন, “দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের সঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য আছে। জীবিত মানুষের তর্পণ হয় না। আমরা সকলেরই দীর্ঘায়ু কামনা করি”।

তিনি আরও বলেন, “মদন কী করেছে জানি না। যদি এটা করে থাকে তবে অন্যায় করেছে। তৃণমূল কংগ্রেস এইসব ছ্যাবলামো পছন্দ করে না”। মদনের এই ঘটনার জেরে গতকাল, সোমবার বালি থানায় মদনের নামে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা ইন্দ্রনীল দাশগুপ্ত।

মদন মিত্রের এহেন কাজকে সমর্থন করেন নি বিধাবসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে বলেন, “এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন মদন। মিডিয়াই মদন মিত্রকে তুলছে”।

অন্যদিকে, এই ঘটনার নিন্দা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমি হলে এ কাজ করতাম না। এটা মদনদার ব্যাপার। আমি নিশ্চিত সবাইকে আক্রমণ করতাম। কিন্তু এসব করতাম না। মদনদা নিজস্ব অভিধান মেনে কাজ করেন। সেটার কপিরাইট তার নিজের”।

প্রসঙ্গত, মহালয়ার দিন সকালে পিতৃপুরুষের উদ্দেশে উত্তরসূরিরা তর্পণ করেন। গতকাল, মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করতে গিয়েছিলেন কামারহাটির বিধায়ক। এদিন তাঁর পরনে ছিল তসরের ধুতি-উড়নি। চোখে সানগ্লাস। এদিন নিজের মেজাজেই তর্পণ সারলেন মদন মিত্র।

গঙ্গার পাশেই রাখা ছিল শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবি। তাদের দু’জনের ছবিতে মালা পরানো। নিয়ম মেনে বিজেপির উদ্দেশে তর্পণ সারেন মদন। বিজেপির বিদায় কামনা করে এই কাজ করেন তিনি। তাঁর এই কাজের জন্য বিজেপির তরফে তীব্র কটাক্ষও করা হয়েছে মদন মিত্রকে।

আরও অন্যান্য খবর