ফের হিন্দু মন্দিরে হামলা বাংলাদেশে, কালী মন্দিরে চলল তাণ্ডব-ভাঙচুর, সরস্বতী মূর্তির মাথা ভাঙল মৌলবাদীরা

আলোর উৎসবে মন খারাপ করা ঘটনা ঘটল ওপার বাংলায়। কালীপুজোয় মৌলবাদীদের ছায়া বাংলাদেশে। কালীপুজোর দিন বাংলাদেশের কালী মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। কালাচাঁদ মন্দিরেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সন্ধান চলছে।

জানা গিয়েছে, সেমবার অর্থাৎ কালীপুজোর দিনই দিনাজপুর জেলায় একটি কালী মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীদের একটি দল। তার একদিন আগেই সিরাজগঞ্জ জেলার কালাচাঁদ মন্দিরে হামলা করে মৌলবাদীরা। মন্দিরে থাকা দেবী সরস্বতীর প্রতিমা ভাঙে ফেলে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, কালী মন্দির ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ধৃতদের নাম হল – রাশেদ, বেলাল, রকি ও তুষার। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হুমায়ুন কবীর আশ্বাস দিয়েছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে দেশটির হিন্দু সম্প্রদায়ের মধ্যে। দিনাজপুর-রংপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখান তাঁরা।

কিছুদিন আগেই বাংলাদেশের ঝিনাইদহ জেলার দউতিয়া গ্রামে প্রাচীন কালী মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কালী মূর্তির গলা কেটে নেওয়ার অভিযোগ ওঠে। দুর্গাপুজোর সময়ও ওপার বাংলায় সন্ত্রাসবাদী হামলা ও সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা ছিল। তবে তা হয়নি। কিন্তু কালীপুজোর সময় হিন্দু মন্দিরে এই হামলার ঘটনা ফের প্রমাণ করল যে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিগুলি হিংসাকে উস্কে দিতেই চায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি দাবী করেন যে শেখ হাসিনার সরকারকে বদনাম করার জন্যই হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় রাজনীতিতে ফায়দা তোলার জন্য এমনটা করা হচ্ছে বলে দাবী করেন তিনি।

RELATED Articles