স্বাধীনতা দিবসে ভারতকে শ্রদ্ধাজ্ঞাপন গুগলের, দেশের নানান বস্ত্রশিল্পের সম্ভারেই সেজে উঠল ডুডল

আজ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। এদিন বেশ অন্যরকমভাবে সেজে উঠল গুগলের ডুডল। ভারতের স্বাধীনতা দিবসে দেশকে শ্রদ্ধা জ্ঞাপন করতে ভারতের ২১টি অঞ্চলের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের কোলাজ বানিয়ে তা দিয়েই সাজানো হল গুগলের ডুডলকে। এই ডুডলে ভারতের নানান প্রান্তের ঐতিহ্যশালী বস্ত্রশিল্পের মেলবন্ধন ঘটেছে।

বাংলা থেকে শুরু করে কেরল, গুজরাট, রাজস্থান-সহ দেশের সব প্রান্তের বস্ত্রশিল্পের নকশা তুলে ধরা হয়েছে গুগলের এদিনের অভিনব শিল্পকর্মে। রয়েছে দেশের ২১টি অঞ্চলের বস্ত্রশিল্প-শৈলীর নিদর্শন। যেমন, বাংলার তাঁত, ওড়িশার সম্বলপুরী, অসমের গামছা, সিকিমের ঐতিহ্যশালী বুনন, দক্ষিণ ভারতের সিল্ক, পাঞ্জাবের ফুলকারি, রাজস্থানের বাঁধনী প্রিন্ট, কাশ্মীরি স্টিচ ইত্যাদি। যে সুদৃশ্য ডুডলে মুগ্ধ গোটা দেশ, সেটি তৈরি করেছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার।

নিজের এই সৃষ্টি নিয়ে নম্রতার কী মত?

নম্রতা জানিয়েছেন, অন্যান্য ক্ষেত্রের মতোই বস্ত্রশিল্পেও ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ হল ভারতীয় চরিত্র। সেই বিষয়টিকেই সাধ্য মতো তুলে ধরতে চেয়েছেন তিনি। শিল্পীর কথায়, বিভিন্ন ঘরানার কাপড়গুলির তৈরির আলাদা আলাদা পদ্ধতি এই ডুডলে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন বুননশৈলী, এমব্রয়ডারি, ছাপার পদ্ধতি, রঙ করার কৌশল, হাতে আঁকা কাপড় ছিল তাঁর অনুপ্রেরণা।

নম্রতা বলেন, “ভারতের বৈচিত্র্যময় বস্ত্রশিল্প নিয়ে গবেষণা করেছি আমি। (ডুডলে) দেশের সব প্রান্তের বস্ত্রশিল্পকে তুলে ধরার চেষ্টা করেছি। সুচিকর্ম, বুনুনের বিভিন্ন শৈলী, নকশা, ডায়িং কৌশলের মতো বিষয়গুলিও তুলে ধরেছি, ভারতীয় টেক্সটাইল এবং জাতিসত্তার সঙ্গে তাদের গভীর সংযোগকে সম্মান করা এবং উদযাপন করাই ছিল এই ডুডল আঁকার মূল লক্ষ্য”।

কী জানায় গুগল?

গুগলের তরফে জানানো হয়, “এই শিল্পকর্মে প্রদর্শিত প্রতিটি টেক্সটাইল দক্ষ কারিগর, কৃষক, তাঁতি, রঞ্জক, মুদ্রক এবং বয়নশিল্পীদের সম্মিলিত কারুকার্যের প্রমাণ। একসঙ্গে তারা এই অসাধারণ টেক্সটাইলগুলি তৈরি করে যা ভারতের সৃজনশীল চেতনাকে মূর্ত করে তোলে”।

আরও অন্যান্য খবর