যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর রহস্য যেমন কাটছে না, তেমনই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিও থামছে না। এই ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন করে লড়াইয়ে নামার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদকে এই নির্দেশ দিয়ে ধর্নায় বসার কথা বলেছেন মমতা। আগামীকাল, বুধবার এইট বি-তে টিএমসিপি-র সদস্যরা ধর্নায় বসবেন। দক্ষিণ কলকাতার ছাত্র যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্বে রয়েছেন।
কী নির্দেশিকা এসেছে মমতার তরফে?
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, আগামিকাল, বুধবার দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ধর্না কর্মসূচি করবে টিএমসিপি। এই ধর্না থেকেই র্যাগিংমুক্ত যাদবপুরের ক্যাম্পাস, অশালীনতা মুক্ত যাদবপুর, ক্যাম্পাসে অবিলম্বে সিসিটিভি প্রতিস্থাপন ও ক্যাম্পাস থেকে বাম-অতিবাম সমস্ত সংগঠনকে বয়কট করার ডাক তুলবেন তারা।
এমনকি, পথনাটিকা গান, প্রতিবাদী স্লোগান তুলতে হবে ওই ধর্না থেকে। রাজন্যা হালদার-সহ হাজরার মঞ্চে উপস্থিত থাকা ছাত্র নেতানেত্রীরা থাকবেন এই ধর্না মঞ্চে। সেই ধর্না মঞ্চে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার নির্দেশ মতোই সমস্ত কর্মসূচি পালন করা হবে।
বাংলাকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে গত মে মাসে যেভাবে ধর্না হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই একইভাবে আগামীকালও ধর্না দেবে টিএমসিপি-র সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন দুর্বল। সেই সংগঠনকে আগে মজবুত করতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ক্যাম্পাসে কোনও পড়ুয়ার উপর কোনও অত্যাচার একেবারেই বরদাস্ত করা যাবে না। সংগঠন মজবুত করার জন্য বাম ও অতিবামদের বয়কট করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নির্বাচন হলে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র সংগঠনকে।





