মিড ডে মিল রাজ্যে অভিযোগের অন্ত নেই। কখনও মিড ডে মিলের খাবারে পোকা, মরা সাপ, কেঁচো পড়ে থাকার অভিযোগ উঠেছে, তো কখনও আবার নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এবার মিড ডে মিলে পচা ডিম দেওয়ার অভিযোগ উঠল। সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে এক অভিভাবকের কানে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির এক কর্মীর বিরুদ্ধে।
কী ঘটেছে ঘটনাটি?
এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সুতি এলাকার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের নিম্নমানের খাবার, পচা ডিম দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় সুতির ডিহিগ্রাম মধ্যপাড়া এলাকায়। এই নিম্নমানের খাবার নিয়ে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযোগ জানান অভিভাবকরা।
কী অভিযোগ অভিভাবকদের?
এক অভিভাবকের কথায়, “ডিম একদিন দেয়। ৪টে ডিমকে ৮ ভাগ করে দিচ্ছে। অথচ সকলের একটা করে ডিম পাওয়ার কথা। তাও দেয় ২ দিন। আবার পচা ডিমও দিয়ে দেয় কখনও কখনও। এগুলো কেন আমরা মানব? তিন বছরের বাচ্চা হলে বলছে রোজ ডিম খেলে পেটের সমস্যা হবে। ওদিকে পাঁচ বছরের বাচ্চা হলে বলছে বয়স পেরিয়ে গিয়েছে”।
এই নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জিন্নাতুন নিশার সঙ্গে অশান্তি নাধে অভিভাবকদের। অশান্তি চলাকালীন এক অভিভাবকের কানে কামড়ে দেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী, এমনটাই অভিযোগ। এক অভিভাবককে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়।
এই অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাদের সামনেও চলে অশান্তি। অভিভাবকরা অভিযোগ জানান যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়দিনই নষ্ট খাবার দেওয়া হয়। পচা ডিম দেওয়া হয়। পুলিশের চেষ্টায় অনেকক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।






