অবস্থার অবনতি! মাঝরাতে হঠাৎই বুকে তীব্র ব্যাথা, শ্বাসকষ্ট, সিসিইউ-তে নিয়ে যাওয়া হল মদনকে, দেওয়া হয়েছে বাইপ্যাপ

গত সোমবার এসএসকেএমে ভর্তি হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার রাত পর্যন্ত ঠিকঠাকই ছিলেন। কিন্তু মাঝরাতে আচমকাই বুকে ব্যাথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। এর জেরে তড়িঘড়ি সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পাঠানো হয় তাঁকে। দেওয়া হয়েছে বাইপ্যাপও।

কী হয়েছে মদন মিত্রের?

গত সোমবার এসএসকেএমে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে চলছিল তাঁর চিকিৎসা। বেশ কাশি হচ্ছিল তাঁর।  শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, তাঁর বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে মদনকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। সেখানে এইচআর সিটি থোরাক্স হয় বলে খবর। তার পর আবার ফিরিয়ে আনা হয় এসএসকেএমে।

চিকিৎসকদের কড়া নজরে ছিলেন কামারহাটির বিধায়ক। বৃহস্পতিবার পর্যন্ত তেমন কোনও সমস্যা ছিল না তাঁর। রাতে নেফ্রলজিস্ট চিকিৎসা করেন। রাতের দিকে মোটামুটি স্থিতিশীলই ছিলেন বলা যায়। কিন্তু এদিন গভীর রাতে বুকে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। শুরু হয় শ্বাসকষ্টও।

চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। কনপ ঝুঁকি না নিয়ে মদনকে সিসিইউ-তে পাঠানো হয়। রাতেই তাঁকে পরীক্ষা করেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাইপ্যাপ দেওয়া হয় মদনকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সাধারণত শ্বাসকষ্টের সমস্যা হলে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। এ ক্ষেত্রে মেশিনের মাধ্যমে বাতাস ফুসফুসে প্রবেশ করে। মুখে একটি মাস্ক থাকে যার মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে। মদন মিত্রের ক্ষেত্রেও তাই হয়েছে।

RELATED Articles