নিজের খেলায় জেতা টাকা দিয়ে বাড়ির রাঁধুনিকে মোবাইল কিনে দিল খুদে, শিশুর সারল্যে মুগ্ধ নেটিজেনরা

শিশুদের মন তো নরম মাটির মতো হয়। নিষ্পাপ যাতে কোনও দাগ থাকে না। সেই কারণেই নিজেদের মতো করে গড়ে নেওয়া যায় শিশুদের। সুশিক্ষা দিলে তারা সেটাই শিখবে আর কুশিক্ষা দিলেও তাই-ই গ্রহণ করবে। আমাদের সমাজের অনেক স্তরেই শিশুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কাকে সম্মান করা উচিত, কাকে নয়। গরীব-বড়োলোক, ক্ষমতাবান-দুর্বলের ভেদাভেদটা পরিবারের থেকেই শেখানো হয় শিশুদের। তবে এবার ঘটল এক অনন্য ঘটনা যা নেটবাসীকে মুগ্ধ করল।    

কী ঘটেছে ঘটনাটি?

সম্প্রতি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলা হাসিমুখে রয়েছেন। আর তাঁর হাতে একটি মোবাইল তুলে দিচ্ছে এক খুদে। এক ছবিটি শেয়ার করেছেন ওই খুদের বাবা ভি বালাজি। ওই খুদের নাম অঙ্কিত। বালাজি জানিয়েছেন, খেলায় জিতে তাঁর ছেলে পুরস্কার হিসেবে কিছু অর্থ পেয়েছিল। সেই অর্থ দিয়ে নিজের কোনও জিনিস না কিনে তাদের বাড়িতে যিনি রান্না করেন, সেই রাঁধুনিকে একটি নতুন মোবাইল কিনে দিয়েছে অঙ্কিত।

এই ছবি শেয়ার করে ক্যাপশনে বালাজি লিখেছেন, “সপ্তাহান্তের টুর্নামেন্টে খেলে ৭ হাজার টাকা পুরস্কার জিতেছে অঙ্কিত। তার থেকে আমাদের বাড়ির রাঁধুনি সরোজের জন্য ২ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনেছে। ছয় মাস বয়স থেকে অঙ্কিতের দেখভাল করছেন সরোজ। বাবা-মা হিসেবে আমি ও মীরা খুব খুশি”।

https://twitter.com/cricketbalaji1/status/1734765474314072396

বালকের এই কাজে মুগ্ধ হয়েছে নেটবাসী। তাকে তো সকলে বাহবা জানিয়েছনই, সঙ্গে খুদের মা-বাবাকেও কুর্ণিশ জানিয়েছেন সকলে। সন্তানকে প্রকৃত মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য বালাজি ও তাঁর স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।   

এই ছবি দেখে একজন কমেন্ট করেছেন, “এই শিশুটি বহুদূর যাবে”। অন্য একজন আবার লিখেছেন, “অপূর্ব ঘটনা। মা-বাবাকে কুর্নিশ জানাতেই হচ্ছে। এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ  আপনাদের”। সকলেই এই পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনদের কথায়, এমন শিক্ষাই ঘরে ঘরে সব বাচ্চাদের দেওয়া উচিত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর