‘বিজেপি করি বলেই ভোটার তালিকায় মৃত দেখিয়েছে’, গুরুতর অভিযোগ জীবিতদের, শোরগোল রাজ্যে

দিব্যি বেঁচে রয়েছেন তারা। শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন, নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজ করছেন। কিন্তু তারা নাকি ‘মৃত’। এমনই বলছে সরকারের খাতা। আর এর কারণেই ভোটার তালিকা থেকে নামও বাদ পড়েছে তাদের। বিরোধীদের সমর্থন করেন তারা, সেই কারণেই এমন ঘটনা, এমনটাই দাবী বিজেপির। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জন্তি গ্রামে। সেখানকার বাসিন্দা হলেন মলিনা সরকার ও শম্ভুচন্দ্র দাস। তারা নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের ১২৮ নম্বর ব্লকের ভোটার। পুরনো ভোটার তালিকায় নাম ছিল তাদের। পুরনো ভোটার কার্ডও রয়েছে। নতুন কার্ড চাইতে গিয়ে তারা জানতে পারলেন যে তারা নাকি বেঁচেই নেই।

ভোটার তালিকায়   মৃত বলে দেখানো হয়েছে। যার কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তাদের। মলিনা সরকার ও শম্ভুচন্দ্র দাসের দাবী, তারা এ নিয়ে নানান জায়গায় ঘুরছেন। বালুরঘাট বিডিও অফিস, নাজিরপুর পঞ্চায়েত সমিতিতেও জানিয়েছেন এই বিষয়ে। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

মলিনা সরকার বলেন, “বিজেপি করি বলেই নামটা কেটে দিয়েছে। বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতিতে গিয়েছি। বলছে দেখে নিন। আমরা কী করে দেখব এটা”? অন্যদিকে, শম্ভুচন্দ্র দাস পেশায় কৃষক। জীবনে হাজার ঝক্কি রয়েছে। এর উপর আবার এই নতুন বিপদ। ভোটার লিস্টে নাম না থাকলে নতুন বিপদে না পড়তে হতে পারে, তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না বৃদ্ধ। গত বছর স্ত্রীকে হারিয়েছেন তিনি। শম্ভু দাস জানান, তাঁর মৃত স্ত্রীর নাম রয়েছে ভোটার তালিকায়। কিন্তু তিনি বেঁচে থেকেও তাঁর নাম নেই ভোটার তালিকায়।

এই ঘটনায় কারচুপির অভিযোগ বিজেপির

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি প্রবীর মণ্ডল বলেন, “লোকসভা ভোট আসছে তো। বিজেপি করে যারা তাদের সঙ্গে বেশিরভাগ গ্রামেই এসব করছে। ভোটার তালিকায় বড়সড় কারচুপি চলছে। মৃতদের নাম রেখে দিচ্ছে ভোটার তালিকায়। আর জীবন্তদের মেরে দিচ্ছে”।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

এই ঘটনার বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, “ভোটের কাজ বুথ স্তরে বসে আধিকারিকরা করেন। সমস্ত তথ্য দেখে কাজ করেন। এখানে আমাদের দলের কোনও হাতই থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে বেছে ২ জনের নাম বাদ দিয়ে তৃণমূল করবে কী? নির্বাচন কমিশন খতিয়ে দেখবে সবটা। তৃণমূল তো ভোটার লিস্ট করে না”।

RELATED Articles