বর্ষশেষের আনন্দ বদলে গেল বিষাদে। বছরের শেষ দিন সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কলকাতায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল গাড়ি। এর জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। কী কারণে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, সেই কারণ খতিয়ে দেখছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে কলকাতার বিড়লা মন্দিরের কাছে। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিল একটি গাড়ি। বিড়লা মন্দিরের সামনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ফুটপাতের উপর উঠে যায় গাড়িটি। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি।
জানা গিয়েছে, এদিন দুটি বিলাসবহুল গাড়িতে করে ফিরছিল কয়েকজন বন্ধু। দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেই গাড়িতে চার বন্ধু ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পরে চার বন্ধু অন্য গাড়িতে করে চলে যায়।
দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি খেলনা গাড়ির মতো দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তীব্র গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কী না, তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
ওই গাড়িতে যে যুবকরা ছিলেন, তাদের একজনের বাবা সকালে পুলিশের সঙ্গে দেখা করতে আসেন। ওই ব্যক্তি বলেন, “আমার ছেলে গড়িয়ায় বিয়ে বাড়িতে গিয়েছিল। ছেলে, ওর দু’টো বন্ধু ছিল গাড়িতে। গাড়ি অন্য একজন চালাচ্ছিলেন। ওর এক বন্ধুরই গাড়ি। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। তবে ওদের কারও কোনও ক্ষতি হয়নি। গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়”।





