৯০ দশকের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক আবারও খবরের শিরোনামে। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ গ্রহণ করেন। তবে সেই অনুষ্ঠানের পর তাঁকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়, যার ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা।
এই পরিস্থিতিতে নিজেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান অলকা। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি সকলকে ধন্যবাদ জানান তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করার জন্য। একই সঙ্গে তিনি পরিষ্কার করেন, বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
গায়িকা জানান, পদ্ম পুরস্কারের অনুষ্ঠানের দিন দীর্ঘ সময় ধরে ব্যস্ততা থাকায় তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে কিছুটা মাথা ঘোরার সমস্যাও হয়। তাই অনুষ্ঠান শেষে বেরোনোর সময় তিনি নিজেই হুইলচেয়ারের সাহায্য নেন। এই কারণে তাঁকে ওই অবস্থায় দেখা গিয়েছিল বলে জানান তিনি।
অলকা আরও বলেন, তাঁর জন্য সকলের প্রার্থনা ও ভালোবাসা তাঁকে অনেক শক্তি দিয়েছে। তিনি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এই সম্মান দেওয়ার জন্য। অনুরাগীদের আশ্বস্ত করে তিনি বলেন, এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুনঃ জুনের শেষে টিআরপি তালিকায় বড় চমক! অনেকটা পিছিয়ে ‘জোয়ার ভাঁটা’, ‘বিদ্যা ব্যানার্জি’র ম্যাজিক অব্যাহত! শীর্ষে যুগ্মভাবে দু’ই ধারাবাহিক! জেনে নিন এই সপ্তাহের সেরার সেরা পাঁচটি ধারাবাহিক কারা?
উল্লেখ্য, ২০২৪ সালে অলকা প্রথম জানান যে তিনি এক বিরল ধরনের শ্রবণ সমস্যায় ভুগছেন, যার নাম সেন্সোরিনিউরাল হিয়ারিং লস। এই সমস্যায় হঠাৎ করে শুনতে অসুবিধা হয় বা শ্রবণশক্তি কমে যেতে পারে। চিকিৎসকদের মতে, ভাইরাল সংক্রমণ বা অতিরিক্ত শব্দের প্রভাবেও এই সমস্যা দেখা দিতে পারে।






