“মাথার ওপর বুম্বা দা আছে…হিরণকে জানতে হবে আর্টিস্ট ফোরাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়, রচনা যা বলতে চেয়েছে…” টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব ভরত কল! কড়া ভাষায় প্রতিটা বিতর্কের সপাটে জবাব অভিনেতার?

বাংলা চলচ্চিত্র জগতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা ও আর্টিস্ট ফোরামের সহ সভাপতি ভরত কল। রাজ্যে সরকার পরিবর্তনের পর টলিউডে কাজের পরিবেশ, শিল্পীদের ভূমিকা এবং আর্টিস্ট ফোরামের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নন্দনে এক বৈঠকের পর বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, আর্টিস্ট ফোরাম থেকে তিনি কোনও কাজ পাননি। সেই মন্তব্যেরই জবাব দেন ভরত কল।

হিরণের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভরত কল স্পষ্ট বলেন, আর্টিস্ট ফোরামের কাজ শিল্পীদের চাকরি বা কাজ পাইয়ে দেওয়া নয়। তাঁর দাবি, এই সংগঠন কোনও দিনই কাউকে কাজ দেয়নি। পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যের কথিত ব্যানের প্রসঙ্গেও তিনি বলেন, এ নিয়ে আর্টিস্ট ফোরামের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটি অভিযোগ যথাযথভাবে দেখা হয়নি বলে তিনি স্বীকার করেন এবং সেই জন্য দুঃখপ্রকাশও করেন।

আর্টিস্ট ফোরামের নিরপেক্ষতা নিয়ে ভরত কল বলেন, দীর্ঘদিন ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর মতো মানুষ সংগঠনের নেতৃত্বে ছিলেন। তাই কোনও রাজনৈতিক রং সংগঠনের গায়ে লাগতে দেওয়া হয়নি। তাঁর মতে, একটি পরিবারের মতোই এই সংগঠনে মতভেদ বা সমস্যা থাকতে পারে, কিন্তু তার জন্য সব দায় আর্টিস্ট ফোরামের ওপর চাপানো ঠিক নয়।

সম্প্রতি রচনা ব্যানার্জির আরবানা মন্তব্য নিয়েও নিজের মত জানান ভরত কল। তাঁর কথায়, রচনা যা বলতে চেয়েছিলেন, তা হয়তো ঠিকভাবে প্রকাশ করতে পারেননি। তিনি বোঝাতে চেয়েছিলেন যে নিজের পরিশ্রম এবং অভিনয়ের জোরেই তিনি সাফল্য পেয়েছেন, রাজনীতির মাধ্যমে নয়। ভরত কলের মতে, রচনা একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং আবেগের মুহূর্তে অনেক সময় কথার ভুল ব্যাখ্যা হয়ে যায়।

আরও পড়ুনঃ ‘আমার রাজনীতিতে যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, ব্যাঘাত ঘটেছে’, দলবদলের কারণ জানাতে গিয়ে শুভেন্দু ‘দাদা’র জয়গান গাইলেন রচনা! তৃণমূলে নিশানা কয়ে ফের কী বললেন দলের প্রাক্তন সাংসদ?

রাজনীতি এবং টলিউডের সম্পর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন ভরত কল। তিনি জানান, তিনি কংগ্রেস পরিবার থেকে এলেও সক্রিয় রাজনীতির সঙ্গে নিজেকে কখনও জড়াননি। তাঁর বিশ্বাস, কোনও সরকার শিল্পীদের কাজ পাইয়ে দেয় না, একজন শিল্পী নিজের যোগ্যতাতেই সুযোগ পান। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সরকার বদলালেও মানুষের সমর্থনই শেষ পর্যন্ত ঠিক করে দেয় কে কাজ করবেন এবং কে সামনে এগিয়ে যাবেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর