সুশান্ত সিংহ রাজপুতের মামলার জল দিনদিন গড়াচ্ছে। নিত্যদিন সামনে আসছে নতুন নতুন তথ্য। মৃত্যুর চারমাস কেটে গেলেও এখনও তাঁর মৃত্যু রহস্যের কোনও সমাধান মেলেনি। এরই মাঝে ফের এক বিপত্তি। ফের সুশান্ত মৃত্যু মামলায় নাম জড়াল পরিচালক করণ জোহর-সহ ৭ তারকাদের। এই মামলায় মুজফফপুর এডিজি কোর্ট থেকে নোটিস পাঠানো হয়েছে করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, একতা কপূর, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার ও দীনেশ বিজয়নকে। পরিচালকদের পরিবারের তরফ থেকেই এই খবর স্বীকার করা হয়েছে। এই নোটিস অনুযায়ী, এই তারকাদের স্বশরীরে বা কোনও প্রতিনিধি মারফত আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগেও বলিউডের বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুজফফপুরের আইনজীবী সুধীর ওঝা। গত ৭ই অক্টোবর ওই তারকাদের আদালতে উপস্থিত থাকতে বলা হয়। সুশান্তের মৃত্যুর পরেই ১৭ই জুন মুজফফরপুর আদালতে এই তারকাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১০৯, ০৪, ৩০৬, ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।
আইনজীবী সুধীর ওঝার দাবী, সুশান্ত আত্মহত্যা করেন নি। তাঁকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। বেঁচে থাকাকালীন সুশান্তের হাত থেকে বেরিয়ে যেতে থাকে একের পর এক বিগ বাজেটের ছবি, এমনকি তিনি একবার বলেছিলেন যে কোনও বড় প্রযোজনা সংস্থা তাঁকে নাকি ব্যান করেছে। এই বিষয়ে সব খতিয়ে দেখার জন্যই এই ৭ তারকাদের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তিনটি স্বনামধন্য কেন্দ্রীয় সংস্থা, সিবিআই, এনসিবি ও ইডি সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত করছে। দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকের দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুশান্ত আত্মহত্যাই করেছে, তাঁর খুন হওয়ার সব সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন চিকিৎসকের দল। যদিও এই বিষয়ে সিবিআই-এর তরফ থেকে কোনও সরকারী বিবৃতি জারি করা হয়নি। তবে অভিনেতার মৃত্যুর সঙ্গে জড়িত মাদকযোগের ঘটনায় সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি। বর্তমানে শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পেয়ে জেলের বাইরে আছেন রিয়া।





