পরিচালক অরিন্দম শীল ও তবলাবাদক বিক্রম ঘোষের পরিচালনায় ও ইমন চক্রবর্তীর কণ্ঠে সম্প্রতি মুক্তি পাওয়া ‘গেন্দা ফুল’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে উপস্থিত রয়েছেন ‘বড়োলোকের বিটি লো’ গানটির গীতিকার স্বয়ং রতন কাহারও।
ভিডিওটিতে নৃত্য পরিবেশন করেছেন দেবলীনা কুমার। তার অসাধারণ নৃত্য ভঙ্গি ও বঙ্গ ললনার সাজে মেতে উঠেছে বাঙালি। ভিডিওটির প্রতি পরশে রয়েছে বাংলার ছোঁয়া। সোনি মিউজিকের তরফ থেকে এই বিখ্যাত লোকগানের একটি নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। মুক্তির পরেই ভাইরাল হয়ে যায় গানটি। এর সঙ্গে দোসর দেবলীনার নাচ। পরনে সাদা লাল শাড়ি, খোলা চুল ও অসামান্য নাচের তালে নেট কাঁপাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চের শুরুর দিকেই মুক্তি পায় এই লোকগানের একটি রিমেক ভার্সান। বলিউড গায়ক বাদশার গানে জ্যাকলিন ফার্নান্ডেজের দুর্দান্ত নাচও ভাইরাল হয় নেটদুনিয়ায়। কিন্তু এই গানের সৃষ্টিকর্তা রতন কাহারকে কোনওরকম কৃতিত্ব না দিয়েই তার লেখা বাংলা জনপ্রিয় আঞ্চলিক গান ‘বড়োলোকের বিটি লো’ নিজের ‘গেন্দা ফুল’ অ্যালবামে ব্যবহার করেন র্যাপ সিঙ্গার বাদশা। তার অ্যালবামের কোথাও রতন কাহারের নাম না নেওয়ায় চরম বিতর্কের মুখে পড়েন বাদশা।
বাঙালি তথা বাংলা শিল্পীমহল ও সংবাদমাধ্যমের রোষের মুখে পড়তে হয় তাকে। বাদশা নিজের দোষ স্বীকার করে জানান যে গানটি পুনরায় নতুন করে বানানোর আগে তিনি রতন কাহারের নামের উল্লেখ কোথাও পাননি। যার জেরে তাঁকে কৃতিত্বও দেওয়া হয়ে ওঠেনি। তবে পরবর্তীকালে সবটা জানার পর তিনি তার মিউজিক ভিডিওতে রতন কাহারের নাম উল্লেখ করেন এবং বাদশা তাঁকে আর্থিকভাবে সাহায্য করেন বলেও জানা যায়। এবার সম্পূর্ণ বাংলার ছোঁয়ায় নতুনভাবে নতুন আঙ্গিকে মুক্তি পেল এই বিখ্যাত লোকগীতিটি।





