বন্ধুর মধ্যেই খুঁজে পেলেন মনের মানুষ, বাগদান সেরে ফেললেন গায়িকা ইমন

অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার সব জল্পনার অবসান ঘটালেন গায়িকা নিজেই। এই নিয়ে আগে প্রশ্ন করা হলে হেসে উড়িয়ে দিতেন তিনি, এখন এই খুশির খবর নিজেই সকলকে জানান তিনি। নিজের মনের মানুষ ঠিক করে ফেলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। বাগদানও সেরে ফেলেছেন। খুব শিগগিরই চার হাতও এক হতে চলেছে এমনটাই জানা গিয়েছে। পাত্র তার দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।

জানা গিয়েছে, ডিসেম্বর থেকে প্রেম শুরু দুজনের। খুব তাড়াতাড়ি এই সম্পর্ককে পরিণতি দিতে চান দুজনে। করোনা পরিস্থিতি না থাকলে এই বছরই বিয়েটা সেরে ফেলতেন তারা। কিন্তু জানা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারী বা ফেব্রুয়ারী মাসেই গাঁটছড়া বাঁধবেন তারা। তবে রেজিস্ট্রি করেই বিয়ে করবেন তারা, তা জানা গিয়েছে।

একটি সাক্ষাৎকারে তিনি জানান যে, ভালোবাসার থেকেও বেশী তাকে আগলে রাখেন নীলাঞ্জন। বাবার কাছে ইমন যেমন আদরে ছিলেন, স্বামীর কাছেও তিনি তেমনই থাকবেন বলে বিশ্বাস করেন গায়িকা। বিয়ের পর তার জীবনে কোনও পরিবর্তন আসবে না বলেই জানান তিনি।

সম্প্রতি, ইমনের গাওয়া একটি গান ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জ করেন নীলাঞ্জন। এছাড়াও, ইমনের গাওয়া নজরুলগীতি মিউজিক ভিডিওতেও একসঙ্গে কাজ করেছেন দুজনে।

প্রসঙ্গত, ইমনের সঙ্গে এর আগে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্ক ছিল। বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন বরাবরই নজর কেড়েছিল সকলের। কিন্তু কোনও এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। তবে ইমন ও নীলাঞ্জনের বাগদানের খবর পেয়ে দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বিভিন্ন কলাকুশলী ও নেটিজেনরা।

RELATED Articles