সম্প্রতিই মুক্তি পেয়েছে বহু চর্চিত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু তা আরও বেশী মাত্রায় বিতর্কে জড়িয়ে পড়ে যখন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের ইনস্টগ্রামে এই ট্রেলার নিয়ে নিজের মন্তব্য পোস্ট করেন।
চিরকালই ঠোঁটকাটা স্বস্তিকা, একথা কারোরই অজানা নয়। নিজের দিকে আসা কোনও খারাপ মন্তব্যের হোক বা কোনও অন্যায়ের, সবসময়ই বেশ শান্ত গলায় প্রতিবাদ করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই তাকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। তার শেয়ার করা কোনও পোস্টে যদি কেউ খারাপ মন্তব্য করেন বা যদি কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তার জবাবও বেশ কড়া ভাষাতেই দেন তিনি। এছাড়াও, নারীশক্তি নিয়ে অনেক রকম মত পেশ করতেও দেখা গেছে তাকে।
এবার তিনি বিতর্কে এসেছেন নিজের ওয়েব সিরিজের ট্রেলারের হাত ধরেই। ‘চরিত্রহীন ৩’-এ অভিনয় করেছেন স্বস্তিকা। এই ওয়েব সিরিজের ট্রেলার পোস্ট করে তিনি লেখেন যে, “ভালোবাসা মানুষকে পাগল করে দেয়, কিন্তু কিছু বুদ্ধিমানের তা বোধগম্য হবে না, তারা এই সিনটাকে শুধুমাত্র বেড সিনই বলবেন”। তার এই মন্তব্যই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। তার এই পোস্টের বিরুদ্ধে অনেকে কমেন্ট করেছেন যে, স্বস্তিকা নাকি ভালবাসার আসল অর্থই বোঝেন না। অনেকের মতে আবার, যে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন, তার আরও একটু পড়াশোনা করার দরকার ছিল। অনেকের মনে আবার এই প্রশ্নও উঁকি দিচ্ছে যে, এই ধরণের অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করে স্বস্তিকার মনে কী পাপবোধ কাজ করে? নাহলে, এরকম ধরণের মন্তব্য করার কি কারণ? তবে অনেকেরই আবার এই ট্রেলার পছন্দ হয়েছে। অনেক প্রশংসাও কুড়িয়েছে ট্রেলারটি।
প্রসঙ্গত, ‘চরিত্রহীন ৩’-এর ট্রেলারে একটি বেড সিন দেখানো হয়েছে, এই নিয়েই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। খুব তাড়াতাড়ি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে স্বস্তিকা ছাড়াও অভিনয় করেছেন সৌরভ দাস, নয়না গাঙ্গুলি, মুমতাজ সরকার, ও আরও অনেকে। ওয়েব সিরিজটির পরিচালক হলেন দেবালয় ভট্টাচার্য। বলিউড অভিনেত্রী শমিতা শেট্টির বেশ পছন্দ হয়েছে এই ট্রেলারটি।





