খালি হাতেই ফিরল ‘টু কিল আ টাইগার’, সেরা ডকু ফিচারকে পাথেয় করে অস্কার এল না ভারতে

‘টুয়েন্টি ডেজ ইন মারিউপোল’ ইউক্রেনীয় সাংবাদিকদের গল্প নিয়ে নির্মিত হয়েছে। ইউক্রেনীয় চলচ্চিত্র নির্মাতা ও যুদ্ধ সংবাদদাতা মস্তিস্লাভ চেরনভ পরিচালনা করেছে এই ফিচার। রুশ আগ্রাসনের পর মারিউপোলে আটকে পড়া সাংবাদিকদের নিয়ে এই গল্প। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ডকুমেন্টরি ফিচার ফিল্ম হিসেবে এটিকেই বেছে নেওয়া হয়েছে। এই বিভাগে ভারতের ‘টু কিল এ টাইগার’ ছাড়াও আরও যে ছবিগুলি মনোনয়ন পেয়েছিল তা হল, ‘ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট’, ‘দ্য ইটারনাল মেমোরি’ ও ‘ফোর ডটার্স’।

‘টু কিল আ টাইগার’ পরিচালনা করেন নিশা পাহুজা। তিনি টরন্টোর এমি মনোনয়ন পাওয়া একজন চলচ্চিত্র নির্মাতা।কানাডার প্রযোজনায় নির্মিত হয় এই ছবি‌। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-এ ‘টু কিল এ টাইগার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল যেখানে এটি সেরা কানাডিয়ান ফিচার ফিল্মের জন্য ‘এমপ্লিফাই ভয়েসেস অ্যাওয়ার্ড’ জিতেছিল।

চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে, রঞ্জিত নামের এক ব্যক্তি তার ১৩ বছর বয়সী মেয়ের ন্যায়বিচার পাওয়ার কঠিন লড়াই। ওই মেয়েকে তিনজন অপহরণ করার পরে যৌন নির্যাতন করে। রঞ্জিত পুলিশের দারস্থ হলে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রঞ্জিতের স্বস্তি এলেও তা ছিল স্বল্পস্থায়ী। গ্রামবাসী এবং সেখানকার নেতারা তার পরিবারকে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করার জন্য নিতে থাকে নানা কৌশল। ‘টু কিল আ টাইগার’-এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, “সন্তানের জন্য ন্যায়বিচার পেতে রঞ্জিতের কঠিন লড়াইয়ের কাহিনি নিয়েই নির্মিত হয়েছে এই সিনেমা।

অস্কারের কয়েক ঘণ্টা আগে নেটফ্লিক্সে প্রিমিয়র হয় এই সিনেমা। ‘টু কিল আ টাইগার’ ছবিটি প্রযোজনা করেছেন অভিনেতা দেব প্যাটেল, মিন্ডি কালিং, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, কানাডিয়ান কবি রুপি কৌর এবং সার্জন-বেস্টসেলিং লেখক অতুল গাওয়ান্ডে।

উল্লেখ্য, গত বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘আরআরআর’ ছবির ফুট-ট্যাপিং নম্বর ‘নাটু নাটু’ দিয়ে সোনা জিতেছিল ভারত। সেরা মৌলিক গানের অস্কার এসেছিল দেশে। ডকুমেন্টারি শর্ট বিভাগে অস্কার জিতেছিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এই প্রথম ভারতের দুটি প্রযোজনা ছবি বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার পায়।

RELATED Articles