‘সেরে উঠতে সময় লেগেছিল’, কঠিন সময় পেরিয়ে নতুন শুরু মোনালির, গানে-ফ্যাশনে নতুন পথচলা

সঙ্গীতজগতে দীর্ঘদিনের সফর মোনালি ঠাকুরের। প্লেব্যাকের পাশাপাশি নিজে গান তৈরি করেছেন, অভিনয়ও করেছেন। এবার নিজের নতুন উদ্যোগ ‘ঠাকুরাইন’-এর হাত ধরে ফ্যাশন দুনিয়াতেও পা রাখছেন গায়িকা। দেশীয় হ্যান্ডলুমের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেই ভালোবাসেন মোনালি। তাঁর কাছে সৃষ্টি শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়, নিজের ভাবনা প্রকাশেরও একটা পথ। তবে একটা সময় নিজের অনুভূতি বা দুর্বলতার কথা প্রকাশ্যে বলতে স্বচ্ছন্দ ছিলেন না তিনি। এখন ধীরে ধীরে সেই অভ্যাস বদলাচ্ছেন গায়িকা।

সম্প্রতি ‘ম্যায় বাওরি’ গানটি তৈরি করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মোনালি। গানটির রেকর্ডিংয়ের সময় নিজের অনুভূতি সামলাতে পারেননি তিনি। পরে সমাজমাধ্যমে এসে সেই আবেগের কথাও ভাগ করে নেন। তাঁর মতে, নিজের দুর্বলতা প্রকাশ করতেও যথেষ্ট সাহসের প্রয়োজন হয়।

জীবনের কঠিন সময়ের কথাও এ দিন অকপটে জানিয়েছেন মোনালি। শারীরিক ও মানসিক, দু’দিক থেকেই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। এমন কিছু অভিজ্ঞতাও হয়েছিল, যার সঙ্গে তাঁর মূল্যবোধের মিল হয়নি। সেই সময় ইন্ডাস্ট্রি প্রত্যাশামতো পাশে না থাকায় বেশ কিছু দিন গান থেকেও দূরে সরে ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও কঠিন পরিস্থিতি সামলে উঠতে সময় লেগেছিল তাঁর।

আরও পড়ুনঃ ‘যাদবপুর না কুম্ভ মেলা? বেছে বেছে প্রতিবাদ কেন?’ যাদবপুরের গেরুয়া মিছিল নিয়ে টলিউডকে তোপ শ্রীলেখার

তবে অতীতকে পিছনে ফেলে ফের নতুন করে জীবন সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন মোনালি। তাঁর বিশ্বাস, জীবনে যত কঠিন সময়ই আসুক, নতুন করে শুরু করা যায়। বর্তমানে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। গান এবং নতুন নতুন সৃষ্টির মধ্যেই খুঁজে নিচ্ছেন শান্তি ও আনন্দ।

আরও অন্যান্য খবর