গতকাল, বৃহস্পতিবার চারহাত এক হয় নীল ভট্টাচার্য ও তৃনা সাহার। নীল ও তৃনা, দু’জনেই বাংলা টেলি জগতের বেশ পরিচিত মুখ। দীর্ঘ দশ বছরের সম্পর্ককে এদিন পরিণতি দিলেন নীল ও তৃনা। এই ‘মোস্ট হ্যাপেনিং’ দম্পতির বিয়েটাও ছিল বেশ ‘হ্যাপেনিং’ই। যে কোনও ফিল্মকে হার মানাবে তাদের এই বিয়ের আসর।
এদিন নীল ও তৃনার বাসরও ছিল জমজমাট। বাসর ঘরে একে অপরের জন্য গান গাইলেন নবদম্পতি। ‘যব কোই বাত বিগার যায়ে’ গানের সঙ্গে গলা মেলালেন নীল ও তৃনা। তাদের বাসরের এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নবদম্পতির সঙ্গে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গেল তাদের এক বন্ধুকেও। নীল ও তৃনার বিয়ের আসরে তাদের ঘনিষ্ঠ কিছু বন্ধুই উপস্থিত ছিলেন।
View this post on Instagram
নীল ও তৃনার বিয়ে নিয়ে স্বভাবতই বেশ উৎসাহী ছিলেন তাদের অনুরাগীরাও। তপসিয়ার অর্কিড গার্ডেনে এদিন বসেছিল নীল ও তৃনার বিয়ের আসর। হুডখোলা গাড়ি করে এদিন বিয়ে করতে আসেন নিল। এরপর নৌকা করে বিয়ের আসরে পৌঁছন। ছেলের বিয়েতে টাকা ওড়াতে দেখা যায় নীলের বাবাকে। নৌকার উপর নাচতে নাচতে ফিল্মি কায়দায় বিয়ে করতে এলেন নীল। নৌকায় ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর গান। শাহরুখের স্টাইলেই এন্ট্রি বরের। জামাইকে সাদরে বরণ করে নিলেন তৃনার মা।
এদিন নীল ও তৃনার বিয়ের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, উপস্থিত ছিলেন সস্ত্রীক সৃজিত মুখোপাধ্যায়ও। হাজির ছিলেন মডেল দর্শনা বণিক। এছাড়াও, তাদের বিয়েতে ঢল নেমেছিল ‘খড়কুটো’ ও ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নানান কলাকুশলীদেরও। এককথায়, নীল ও তৃনা বিয়ে পর্ব ও বাসর একেবারে জমজমাট। এরপর আগামী ১৪ই ফেব্রুয়ারি পি সি চন্দ্র গার্ডেনে হবে এই দম্পতির গ্র্যান্ড রিসেপশন।






