খুব সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় মিশ্র ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘ফেরা’। এটি সঞ্জয় মিশ্রর প্রথম বাংলা ভাষার সিনেমা। ছবিতে তাঁর সাবলীল বাংলা সংলাপ এবং অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। যদিও অনেকেরই অজানা, বাংলা ছবিতে কাজ করার অনেক আগেই বাংলার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি আনন্দবাজার সোশ্যালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের সেই যোগসূত্রের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, তাঁর মায়ের পরিবারের অধিকাংশ সদস্যই বাঙালি। সেই কারণেই ছোটবেলা থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর পরিচয় গড়ে ওঠে। এই সম্পর্কই তাঁকে বাংলার প্রতি আলাদা টান অনুভব করতে সাহায্য করেছে।
সাক্ষাৎকারে সঞ্জয় জানান, ছোটবেলা থেকে তিনি বহুবার আসানসোলে গিয়েছেন। কারণ তাঁর মামার বাড়ির অধিকাংশ মানুষই বাঙালি। পরিবারের সেই পরিবেশে থেকেই বাংলা ভাষার প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়েছে। বাংলার সংস্কৃতি, মানুষ এবং জীবনযাত্রার সঙ্গে তাঁর পরিচয় নতুন নয় বলেই জানান অভিনেতা। তাই বাংলা ছবিতে অভিনয়ের সময় ভাষা নিয়ে বিশেষ কোনও অসুবিধার মুখে পড়তে হয়নি। বরং দীর্ঘদিনের পরিচিত এই সংস্কৃতির মধ্যে কাজ করতে পেরে তিনি আনন্দ পেয়েছেন। তাঁর কথায়, বাংলার প্রতি এই টান অনেক পুরনো এবং একেবারেই পারিবারিক সূত্রে পাওয়া।
তবে শুধু ভাষা বা সংস্কৃতি নয়, বাঙালি খাবারের প্রতিও রয়েছে সঞ্জয়ের বিশেষ দুর্বলতা। তিনি জানিয়েছেন, কলকাতায় এলেই একটি বিশেষ খাবার সঙ্গে করে নিয়ে যান। সেটি হল ঘরে পাতা বড়ি। অভিনেতার কথায়, বড়ি তাঁর অত্যন্ত প্রিয়। শুধু বড়ি নয়, সুযোগ পেলেই নানা ধরনের বাঙালি খাবারও তিনি খেতে ভালোবাসেন। বাংলার রান্নার স্বাদ অন্য জায়গার তুলনায় আলাদা বলেই মনে করেন তিনি। তাই কলকাতায় এলে খাবারের তালিকায় থাকে একাধিক পরিচিত বাঙালি পদ। সেই স্বাদের স্মৃতি তিনি নিজের সঙ্গে করে বাড়িতেও নিয়ে যেতে চান।
বাঙালি খাবারের প্রসঙ্গ উঠতেই সঞ্জয় মিশ্র উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “কলমি শাক হোক অথবা নোটে শাক এগুলো কোথাও পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় এই বাংলায়। কলকাতায় যেভাবে মটন রান্না হয়, এইভাবে কোথাও রান্না হয় না। সব মিলিয়ে বাংলায় যেভাবে খাবারের স্বাদ পাওয়া যায়, সেভাবে অন্য কোথাও পাওয়া যায় না।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, বাংলার খাবারের প্রতি তাঁর ভালোবাসা কতটা গভীর। এছাড়াও তিনি জানিয়েছেন, আম খেতেও তিনি ভীষণ পছন্দ করেন। বাংলার নানা স্বাদের খাবার তাঁকে বারবার আকর্ষণ করে।
আরও পড়ুনঃ রুদ্রনীল ঘোষের নেতৃত্বে আনুষ্ঠানিক সূচনা টলিউডের নতুন সংগঠনের! আজ থেকে যাত্রা শুরু ‘পারফরমেন্স অফ বেঙ্গল’-এর! সদস্য হলেন কারা?
অন্যদিকে, ‘ফেরা’ ছবিটি তৈরি হয়েছে বাবা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে। ছবির মূল চরিত্র পান্নালাল এবং তাঁর ছেলে প্রিয়ম, যারা জীবনের প্রতি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলে। দুই প্রজন্মের দুই মানুষের ভাবনা ও সম্পর্কের টানাপোড়েনই ছবির অন্যতম বিষয়। ছবিটি পরিচালনা করেছেন পৃথা চক্রবর্তী। গত ২৯ মে বড় পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমা ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি সঞ্জয় মিশ্রর অভিনয়ও দর্শক ও সমালোচক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে।






