‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য কেজরিওয়ালের, ‘প্রফেশনাল অ্যাবিউজার’ বলে পাল্টা জবাব বিবেক অগ্নিহোত্রীর

প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ইতিমধ্যেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। বিজেপি শাসিত নানান রাজ্যে এই ছবিকে করমুক্ত করা হয়েছে। দিল্লিতে এই ছবিকে করমুক্ত করার প্রসঙ্গে  একটি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

দিল্লিতে এক বিধানসভা অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করার প্রসঙ্গে ব্যঙ্গাত্মক সুরেই বলেন যে বিবেক অগ্নিহোত্রীর উচিত কেবল ইউটিউবে ছবিটি আপলোড করা, যেখানে প্রত্যেকে ছবিটি বিনামূল্যে দেখতে পাবে। তিনি বলেন, “বিবেক অগ্নিহোত্রীকে ছবিটিকে ইউটিউবে রাখতে বলুন। সবাই বিনামূল্যে দেখতে পারবেন। ছবিকে করমুক্ত করার কী দরকার”।

অরবিন্দ কেজরিওয়ালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবেক অগ্নিহোত্রী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমার কি সত্যিই এত অযৌক্তিক বিষয়ে প্রতিক্রিয়া জানানোর দরকার রয়েছে? তিনি কি স্টিভেন স্পিলবার্গকে ইউটিউবে শিন্ডলার্স লিস্ট আপলোড করতে বলবেন? এমন নয় যে আমি আমার ছোটো ছবিটিকে শিন্ডলার্স লিস্টের সঙ্গে তুলনা করছি। আমি শুধু জিজ্ঞাসা করছি”।

পরিচালক আরও বলেন যে ২০ জন রাজনীতিবিদ যারা ‘প্রফেশনাল অ্যাবিউজার’ তাঁদের জায়গায় কোটি কোটি মানুষ যারা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখছেন তাদের দিকেই বেশি গুরুত্ব দেবেন তিনি। বিবেক অগ্নিহোত্রীর কথায়, “দু’কোটি মানুষ ইতিমধ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেছেন। গভীর এবং বিশুদ্ধ আবেগ নিয়েই সাড়া দিচ্ছেন তাঁরা। ‘প্রফেশনাল অ্যাবিউজার’ ২০ জন রাজনীতিবিদদের চেয়ে আমি সেই দুই কোটি মানুষকে গুরুত্ব দেব”।

অতিমারির পর থেকে এই প্রথম কোনও বলিউড ছবি এতটা সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। ফিল্ম ক্রিটিক অ্যানালিস্ট তরণ আদর্শ গো শুক্রবার ট্যুইট করে লেখেন, “১ দিনে ৩.৫৫ কোটি থেকে ১৪ তারিখে ২০৭.৩৩ কোটি, #TheKashmirFiles দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঐতিহাসিক ব্যবসা করেছে। শুক্রবার ১৯.১৫ কোটি, শনিবার ২৪.৮০ কোটি, রবিবার ২৬.২০ কোটি, সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি, বুধবার ১০.০৩ কোটি। বৃহস্পতিবার ৭.২০ কোটি। মোট: ২০৭.৩৩ কোটি”।

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতন ও তাদের উৎখাত করার কাহিনীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবি মুক্তির পর থেকেই যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই বিতর্কও তৈরি হয়েছে এই ছবিকে ঘিরে। বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন যে তাঁর আগামী ছবি হবে দিল্লি ফাইলস সম্পর্কিত।

আরও অন্যান্য খবর