ইফতারের জন্য নানান ধরণের খাবারই পরিবেশন করা হয়ে থাকে। অনেক সময়ই ইফতারের পার্টিতে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষরাও আমন্ত্রিত থাকেন। আর এমনই একটি ইফতার পার্টিতে হিন্দুদের আমন্ত্রণ করা সত্ত্বেও তাদের পাতে দেওয়া হল গোমাংস। এই ঘটনা নিয়ে ছড়াল তুমুল বিতর্ক। এই নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন পার্টিতে উপস্থিত হিন্দু অতিথিরা।
জানা গিয়েছে বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি-র এক ইফতার পার্টিতে হিন্দুদের পাতেও পরিবেশন করা হয়েছে গোমাংস। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিলেটে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের মধ্যে ছড়িয়েছে রোষ।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-র সিলেট ইউনিটের তরফে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় ইফতার পার্টির। এই পার্টিতে উপস্থিত ছিলেন দলেরই প্রায় ২০ জন হিন্দু নেতা এবং অন্যান্য হিন্দু সমাজকর্মীবৃন্দরাও।
এদিন পার্টিতে খাবার পরিবেশন করা হলে দেখা যায় যে প্রত্যেক প্লেটেই গোমাংসের পদ রয়েছে। আর মাংসের পদ হিসাবে এটি ছাড়া অন্য কোনও বিকল্প পদও নেই। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় জনরোষ। হিন্দু নেতা-কর্মীরা ছাড়াও পার্টিতে আমন্ত্রিত হিন্দু সাংবাদিকরাও বেশ ক্ষুব্ধ হন এই ঘটনায়।
এরপর বিএনপিএ-র স্থানীয় কিছু নেতা-কর্মীরাই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা জানান। মন্টু নাথ নামে একজন লেখেন, “গোমাংস ছাড়া মাংসের পদের কোনও বিকল্প ছিল না। মুসলিম ভাইরা রোজা ভাঙলেন। আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম”।
আবার বিএনপি-র ছাত্র সংগঠনের এক স্থানীয় নেতা বলেন, “ওঁরা ইফতার উপভোগ করলেন। আর আমরা শুধু তাকিয়ে রইলাম”।
প্রসঙ্গত, সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় দুর্গাপুজো মণ্ডপে হামলা থেকে শুরু করে নানান হিন্দু ধর্মীয় স্থানে মৌলবাদীদের তাণ্ডবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা বেশ আতঙ্কিত। এমন পরিস্থিতিতে ইফতার পার্টিতে গোমাংস পরিবেশন করা নিয়ে নতুন করে বিতর্ক বাঁধল প্রতিবেশি দেশে।





