একুশের বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় এসে সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে তাঁর দল তৃণমূল। তৃণমূলের তৃতীয়বার সরকার গড়ার এটাই প্রথম বর্ষপূর্তি।
২০২১ সালে এই ২রা মে-র দিনেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের নিজের গদি দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে রাজ্যে উঠেছিল সবুজ ঝড়। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কারণে ২রা মে তৃণমূলের কাছে একটা উদযাপন দিবস তো বটেই। এই নিয়েই এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে এই ২রা মে আসলে মা-মাটি-মানুষ দিবস। এর পাশাপাশি জনসাধারণকে অভিনন্দনও জানান তিনি।
আজ, সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, “আমি এই দিনটিকে মা–মাটি–মানুষের কাছে উৎসর্গ করছি। আর এই দিনকে মা–মাটি–মানুষ দিবস বলে ঘোষণা করছি। রাজ্যের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে গণতন্ত্রই আসল শক্তি। প্রকৃত জাতি গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। আর তা করতে বহু লড়াই লড়েছি, জিতেছি এবং আরও লড়াই করতে হবে একসঙ্গে”।
https://twitter.com/MamataOfficial/status/1521020518534590464
২০২১ সালে ২রা মে-র দিনই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল। এই দিনটিকে স্মরণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, “ ২০২১ সালের ২ মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এই দিনে তৃতীয়বারের জন্য মা–মাটি–মানুষের সরকারের প্রতি আস্থা রাখার জন্য বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ। সবসময় আপনাদের যথাসাধ্য সেবা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।
বলে রাখি, একুশের নির্বাচনে বিজেপি ডাক দিয়েছিল ২০০ আসন পার করার। আর অন্যদিকে, ‘বাংলা নিজের মেয়েকে চায়’ ও ‘খেলা হবে’ স্লোগান নিয়ে ময়দানে লড়াইয়ে নেমেছিল তৃণমূল। লড়াইয়ে শেষ হাসি হেসেছে তৃণমূলই। বাংলা তার মেয়েকেই বেছে নিয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে কার্যত ভরাডুবি হয় বিজেপির।





