গোটা দেশ করোনার ঝড়ে বিধ্বস্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ বলি হচ্ছেন এই ভাইরাসে। নানান রাজ্যের সরকার নানান ধরণের বিধিনিষেধ আরোপ করেছে এই সংক্রমণ দমনের জন্য। কিন্তু এরই মধ্যে সরকারি নির্দেশ অমান্য করার চরম নিদর্শন গড়ল তামিলনাড়ু।
প্লেনের মধ্যেই হল বিয়ে। চারিদিকে থিকথিক করছে অতিথি, ভিড়ের মধ্যেই ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে রেডি। এরই মধ্যে কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিলেন বর। এমন করোনা পরিস্থিতিতে এই ঘটনা নজির গড়েছে।
এই দম্পতি তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। সেখানকার সরকারের নির্দেশ অনুযায়ী, করোনা বিধিনিষেধ মেনে বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি অতিথির সমাগম করা যাবে না।
কিন্তু এই অবস্থাতেও বিয়ে তো করতেই হবে, তাও আবার সব অতিথিকে নিয়ে। সরকারের নির্দেশ অনুযায়ী শহরে ৫০ জনের বেশি সমাগম নয়, কিন্তু আকাশে তো সেই নিয়ম খাটে না। আর তাই এমনই এক সিদ্ধান্ত নিলেন সেই দম্পতি।
গতকাল, রবিবার সকাল ৭টা নাগাদ মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড প্লেন ভাড়া করে বিয়ের সাজে সেজে ১৬১ জন অতিথিকে নিয়ে আকাশে উড়ে যান দম্পতি। জানা গিয়েছে, দু’ঘণ্টা উড়েন তারা। এরপর প্লেন মীনাক্ষী আম্মান মন্দিরের উপরে আসতেই কনেকে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করেন বর। তাদের বিয়ের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
এভাবে করোনা বিধিনিষেধ ভেঙে বিয়ে করার জন্য সমালোচনার মুখেও পড়েছেন এই দম্পতি। এই ঘটনা সামনে আসতেই ওই বেসরকারি চার্টার্ড প্লেনের সমস্ত ক্রু-কে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সুপারিনটেন্ডেড সুজিত কুমার জানান যে এই ঘটনার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হবে কী না, তা দেখা হবে। এদিকে, সেই দম্পতির দাবী, তাদের সমস্ত অতিথিকে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছে এবং সকলের রিপোর্ট নেগেটিভও এসেছিল। এরপরই তারা প্লেনে উঠেন।





