কাছা খুলে যাঁদের বিজেপিতে স্বাগত করা হল, তাঁরাই ঘর ওয়াপসি’র পথে! আদি-নব্য বিতর্ক উস্কে টুইটারে সরব তথাগত রায় 

২০২১-এর হাইভোল্টেজ বঙ্গ বিধানসভা নির্বাচনে যে পরিমাণ দলবদল দেখেছে বাংলা তা বোধহয় আর অন্য কোন‌‌ও বছরের নির্বাচনেই ঘটেনি। তৃণমূলে কাজ করতে পারছিনা বলে কাতারে কাতারে মানুষ শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের দুহাত ভরে অভ্যর্থনা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আর এতেই ঘটেছে বিপর্যয়! বিজেপির তৃণমূলের বি টিম হতে সময় লাগেনি বেশি। ভোটের আগে বিজেপির ওপর আস্থা কমেছে মানুষের। আর তার‌ই প্রভাব পড়েছে নির্বাচনের ফলে। ব্যাপক ব্যবধানে তৃণমূলের কাছে পর্যদুস্ত হয়েছে গেরুয়া শিবির।

রাজ্যে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মসনদ দখল করার পর দলবদলুরা এবার ভুল হয়ে গেছে, বলে দৌড়চ্ছেন তৃণমূলের দুয়ারে। আর এই ঘটনাতেই বেজায় চটেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।

আরও পড়ুন- থানায় ওঁর বিরুদ্ধে মামলা করে রাখুন,  পরে প্রেসিডেন্সি জেলেই ওঁর ঠাঁই হবে, “কল্যাণের মন্তব্যে স্তম্ভিত”, টুইট ধনখড়ের 

এদিন টুইটে ক্ষোভ উগরে তিনি লেখেন, এই ধরনের দলবদলুদের খাতির করতে গিয়ে দলের পুরনো কর্মীদেরই উপেক্ষা করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। অর্থাৎ ভোটের আগে থেকেই বিজেপির অন্দরে চলতে থাকা আদি-নব্যের ঝামেলাকে ফের তুলে ধরলেন তিনি।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে, শুভেন্দু, রাজীব, সোনালী গুহ, জটু লাহিড়ী, বৈশালী ডালমিয়া, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জিতেন্দ্র তিওয়ারি সহ আর‌ও বড়, ছোট নেতা বিজেপিতে চলে যান। এর মধ্যে অনেকেই প্রার্থীপদ‌ও পেয়ে যান। আর তাতেই ক্ষোভ বাড়ে বিজেপির অন্দরে। তৃণমূলে থেকে সুবিধা নিয়ে দলবদলের আবহে সুবিধাবাদী নেতাদের বিজেপিতে আসায় বিদ্রোহ শুরু হয় বিভিন্ন জায়গায়। আর যাঁরা দীর্ঘদিন ধরে বাংলায় বিজেপির জন্য লড়াই করে চলেছেন তাঁদের অবহেলা করায় সৃষ্টি হয় ক্ষোভের। আর সেই লড়াইকেই ফের প্রকাশ্যে তুলে আনলেন তথাগত রায়।

আরও পড়ুন- অপ্রতিরোধ্য সোনুর মানবসেবা! এবার হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাতে চলেছেন তিনি 

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের প্রার্থীপদ না পেয়ে ভোটের আগে যে সমস্ত তৃণমূলী নেতারা বিজেপিতে এসেছিলেন তাঁরাই ফের তৃণমূলমুখী।‌ ইতিমধ্যেই তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস, সোনালী গুহ, সরলা মুর্মু এবং আমল আচার্য। তবে তৃণমূল জানাচ্ছে, আসল তালিকা আরও দীর্ঘ।

তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া প্রসঙ্গে এদিন মুখ খুলে তথাগত রায় টুইট করেন, “যা বলেছিলাম ঠিক তাই। কাছা খুলে যাঁদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাঁদের খাতিরে বিজেপির বিশ-ত্রিশ বছরের পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে।” এবার দেখার তথাগত’র এই টুইটের পরিপ্রেক্ষিতে কি মন্তব্য করে রাজ্য বিজেপি নেতৃত্ব।‌

RELATED Articles